উত্তরা ও পূর্বাচলে প্লট বরাদ্দ এ বছরের শেষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের শেষ দিকে উত্তরা তৃতীয় প্রকল্প ও পূর্বাচল উপশহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ছয় হাজার প্লট হস্তান্তর করবে। গতকাল শনিবার রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এসব প্লটের মধ্যে উত্তরার ১৫ ও ১৬ নম্বর সেক্টরে আড়াই হাজার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত পূর্বাচল প্রকল্পের ৪ থেকে ১৭ নম্বর সেক্টরে সাড়ে তিন হাজার প্লট বুঝিয়ে দেওয়া হবে। দুটি প্রকল্পেই পূর্ণ মাত্রায় উন্নয়ন কার্যক্রম চলছে। রাজউক সূত্র জানায়, উত্তরা তৃতীয় প্রকল্পের অধীনে আট হাজার ২৯৫টি প্লট উন্নয়নের আওতায় রয়েছে। এগুলোর মধ্যে কাজ শেষ পর্যায়ে রয়েছে আড়াই হাজার প্লটের। রূপগঞ্জের পূর্বাচল প্রকল্পে এবং গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত পূর্বাচল প্রকল্পে মোট ২৪ হাজার ৬৯৭টি প্লটের উন্নয়নকাজ চলছে। রাজউকের চেয়ারম্যান ঢাকার চারপাশে চারটি স্যাটেলাইট শহর গড়ে তোলার তথ্য প্রথম আলোর কাছে তুলে ধরেন। উত্তরা তৃতীয় প্রকল্পে ১৮ নম্বর সেক্টরে ২২ হাজার ৫১২টি, কেরানীগঞ্জে ঝিলমিল প্রকল্পে ১০ হাজার এবং পূর্বাচল প্রকল্পে (ইউসুফগঞ্জ) ২০ হাজার ফ্ল্যাট তৈরি করা হবে বলে চেয়ারম্যান জানান। এর মধ্যে উত্তরা প্রকল্পের (১৭ নম্বর সেক্টরে) ফ্ল্যাট প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বেগুনবাড়ী-হাতিরঝিল এলাকায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য ১১২টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। সব প্রকল্পেই ফ্ল্যাটের আয়তন হবে ১২৫০, ১০৫০ ও ৮৫০ বর্গফুটের।প্রসঙ্গত, উত্তরা তৃতীয় প্রকল্পে প্লট দেওয়ার জন্য প্রথম আবেদনপত্র নেওয়া হয় ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে। ১৯৯৯ সালে ৩০১টি প্লট দিয়ে বাতিল করা হয়। পরে প্রায় দুই হাজার ৭০০ প্লট দেওয়া হয়। গত জোট সরকার এসে সেই তালিকা রদবদল করে। তত্ত্বাবধায়ক সরকার সেই তালিকার কিছু স্থগিত করে। পরে তালিকা সংশোধন করা হয়। পূর্বাচল প্রকল্পে (রূপগঞ্জ) প্লটের জন্য প্রথম দফায় আবেদনপত্র নেওয়া হয় ২০০১ সালে। ২০০২ সালে জোট সরকার আবারও আবেদনপত্র গ্রহণ করে। ২০০৩ সালের অক্টোবরে প্রায় ১৩ হাজার প্লট বরাদ্দ দেওয়া হয়। কিন্তু মন্ত্রী, সাংসদ, দলীয় নেতা ও সমর্থক ছাড়া কাউকে প্লট বুঝিয়ে দেওয়া হয়নি। ২০০৮ সালের শেষ দিকে তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়ে উত্তরায় প্রায় ৭০০ প্লট ও গাজীপুরে পূর্বাচল প্রকল্পে ছয় হাজার প্লটের জন্য আবেদনপত্র চাওয়া হয়। গত বছরের শেষ দিকে বর্তমান সরকার বেশির ভাগ প্লটের বরাদ্দ দেয়। এগুলোর বেশির ভাগই দেওয়া হয় লটারির মাধ্যমে। রাজউকের চেয়ারম্যান জানান, উত্তরা ও পূর্বাচল প্রকল্পে প্লট না পাওয়া বেশির ভাগ আবেদনকারীর জামানতের টাকা ইতিমধ্যেই ফেরত দেওয়া হয়েছে। যাঁরা এখনো পাননি তাঁরাও পেয়ে যাবেন।