উত্তরা ও মগবাজারে মাদক অস্ত্রসহ গ্রেপ্তার ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসার অভিযোগে গত শনিবার রাজধানীর উত্তরা ও মগবাজার এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৮০০ বোতল ফেনসিডিল, ৫০টি ইয়াবা বড়ি ও তিনটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়। দক্ষিণখান থানার পুলিশ একই দিনে ফায়দাবাদ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন, পাঁচটি গুলিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার বিকেল পাঁচটার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুটি চোরাই গাড়ি (এক্স করোলা ও টয়োটা সেলুন), ৩০০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন আলমগীর হোসেন (২৯), মো. ছালাম (২৫) ও মো. সেলিম। একই সময় অপর এক অভিযানে মগবাজার এলাকা থেকে ৫০০ বোতল ফেনসিডিল, ৫০টি ইয়াবা বড়ি, একটি পিকআপসহ আবদুল কুদ্দুস (৩২) ও দেলোয়ার হোসেন (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণখান থানার পুলিশ গত শনিবার বেলা তিনটার দিকে ফায়দাবাদ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন, পাঁচটি গুলিসহ ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ইসমাঈল হোসেন (২২), সুমন ইসলাম (২১), শামীম ভূঁইয়া (২০), মুন্না ওরফে আল-আমিন ওরফে রাসেল (২৪), কাজল (২৪) ও মুজাহিদুর রহমান সরকার। ডাকাতির প্রস্তুতি নিতে ওই বাড়িতে একত্র হয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন। একই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার বিকেল পাঁচটার দিকে গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের নিউ মিটসু ইলেকট্রনিকসে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ৩৭টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। এ সময় ছিনতাইয়ে জড়িত অভিযোগে কাউসার আহমেদ (৩৪) ও কামরুজ্জামান আহমেদ (২৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।