উত্তরা ও যাত্রাবাড়ীতে শিশুসহ দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় গত বুধবার সকালে সিভিল এভিয়েশনের এক কর্মকর্তার বাসা থেকে অজ্ঞাতনামা শিশুর (১১) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে রনি নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের একটি বাসার পাঁচতলা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। লাশটি বসার ঘরে সোফার নিচে তোষকে মোড়ানো অবস্থায় ছিল। ওসি জানান, গত বুধবার সন্ধ্যার দিকে মিজানুর রহমানের ফুফাতো ভাই জাকির ওই শিশুটিকে বাসায় নিয়ে আসেন। রাতে খাওয়া-দাওয়ার পর জাকির শিশুটিকে নিয়ে বসার কক্ষের মেঝেতে ঘুমোতে যান। সকালবেলা বাসার গৃহকর্মী রাবেয়া ওই কক্ষে ঝাড়ু দিতে গিয়ে দেখতে পায় যে শিশুটি অচেতন অবস্থায় পড়ে আছে, আর জাকির তাকে তোষকে মোড়াচ্ছেন। পরে অন্যরা জানতে পেরে এসে দেখেন, জাকির নেই। কিন্তু শিশুটিকে সোফার নিচে রাখা হয়েছে। মিজানুর রহমান সিভিল এভিয়েশনের কর্মকর্তা বলে জানা গেছে। উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, শিশুটির গলায় আঙুলের ছাপ এবং বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে শিশুটিকে খুন করা হয়েছে। তবে শিশুটির পরিচয় ও হত্যার কারণ সম্পর্কে কেউ কিছু জানাতে পারেনি। এদিকে যাত্রাবাড়ী এলাকায় এক অজ্ঞাত ব্যক্তি (৩৫) খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি ঝিলের পানিতে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার এসআই মাজহারুল ইসলাম জানান, দুপুর একটার দিকে ডেমড়া সড়কের কনকর্ড আবাসন প্রকল্পসংলগ্ন একটি নির্জন স্থানে ঝিলের পানি থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।