পূর্বাচলে হবে ২০ হাজার, ঝিলমিলে ১০ হাজার ফ্ল্যাট
উত্তরা তৃতীয় প্রকল্পে ২২ হাজার ফ্ল্যাটের আবেদন গ্রহণ মার্চে
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উত্তরা তৃতীয় প্রকল্প এলাকায় ২২ হাজার ৫১২টি প্লট বরাদ্দ দিতে আগামী মার্চে আবেদনপত্র আহ্বান করবে। রাজধানীতে জনসংখ্যার চাপ কমানো ও ভারসাম্য নগরায়ণের লক্ষ্যে প্লটের পরিবর্তে ফ্ল্যাট প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার তিনটি প্রকল্পে ৫২ হাজার ৫০০ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর আওতায় পূর্বাচল উপশহর প্রকল্পে ২০ হাজার এবং কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। রাজউকের দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে জানিয়েছে, পূর্বাচল ও ঝিলমিলের বিষয়ে এখনো চূড়ান্ত নীতিমালা না হলেও উত্তরা ফ্ল্যাট প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী উত্তরা ফ্ল্যাট প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর উত্তরা ১৫ নম্বর সেক্টরে উন্নয়নকাজ চলছে। আগামী মার্চের মধ্যে আবেদনকারীদের দরখাস্ত দেওয়ার জন্য আহ্বান জানানো যাবে। নূরুল হুদা আরও জানান, বিশেষত নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তদের এই ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। ঢাকায় বাড়ি কিংবা ফ্ল্যাট, এমনকি জমি রয়েছে, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন না। নূরুল হুদা বলেন, আবেদনপত্র গ্রহণের তিন বছরের মধ্যে ফ্ল্যাট দেওয়ার ব্যবস্থা করা হবে। পূর্বাচল ও ঝিলমিলে দেওয়া হবে পাঁচ বছরের মধ্যে। উত্তরা তৃতীয় প্রকল্প এলাকায় ১৫ ও ১৬ নম্বর সেক্টরের সঙ্গে লাগোয়া বাঁধের পাড়ে ২১৪ একর জমিতে ২৬০টি বহুতল ভবনে এসব ফ্ল্যাট হবে। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান সম্প্রতি প্রথম আলোকে বলেন, প্লটের তুলনায় ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হলে একই জায়গায় অনেক বেশি লোকের আবাসনের ব্যবস্থা করা যায়। সেই আলোকে রাজউকের বিভিন্ন প্রকল্পে যেসব প্লট দেওয়া হয়েছে, একই স্থানে ফ্ল্যাটও দেওয়া হবে। উত্তরা তৃতীয় প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে আট হাজার ৬২৫ কোটি ৭৯ লাখ টাকা। ২৬০টি ভবনের প্রতিটি হবে ১৫ তলার। ফ্ল্যাট হবে তিন শ্রেণীর। এর মধ্যে ‘এ’ শ্রেণীর (নাম-সুপিরিয়র) ছয় হাজার ৬০৮টি ফ্ল্যাটের প্রতিটির আয়তন হবে এক হাজার ২৫০ বর্গফুট। এই শ্রেণীতে ১১৮টি ভবনের প্রতি তলায় চারটি করে ফ্ল্যাট থাকবে। ‘বি’ শ্রেণীর (সুপার) ফ্ল্যাট হবে সাত হাজার ৫৬টি, যার প্রতিটির আয়তন হবে এক হাজার ৩০ বর্গফুট। এই শ্রেণীর ৬৩টি ভবনের প্রতি তলায় থাকবে আটটি করে ফ্ল্যাট।‘সি’ শ্রেণীর (স্ট্যান্ডার্ড) ফ্ল্যাট হবে আট হাজার ৮৪৮টি, যার প্রতিটির আয়তন হবে ৮৫০ বর্গফুট। ৭৯টি ভবনের প্রতি তলায় থাকবে এই শ্রেণীর আটটি করে ফ্ল্যাট। উত্তরার নতুন ওই আবাসন প্রকল্পের ফ্ল্যাটের দাম এখনো নির্ধারণ করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জায়গা যেহেতু রাজউকের নিজস্ব এবং মাটি ভরাটের কাজ প্রায় শেষ হয়েছে, তাই দাম সরকারি মূল্যেই হবে। এ ছাড়া এই ফ্ল্যাট প্রকল্পে বিদ্যুৎ, পানি ও গ্যাস-সংযোগ নেওয়া ও অন্যান্য সুবিধার জন্য আলাদা টাকা নেওয়া হবে না।