উত্তরা তৃতীয় প্রকল্পের কাজ এ বছরেও হচ্ছে না
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে উত্তরা তৃতীয় প্রকল্পের উন্নয়নকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। গতকাল মঙ্গলবার উত্তরা তৃতীয় প্রকল্পের কাজ দেখতে গিয়ে তিনি এ নির্দেশ দেন।
প্রকল্প পরিদর্শনে এসে মন্ত্রী বলেন, ১৬ বছরেও উত্তরা তৃতীয় প্রকল্পের কাজ শেষ হয়নি। অনন্তকাল এটি চলতে পারে না। জনগণ প্লট, ফ্ল্যাট বরাদ্দ নিয়ে বছরের পর বছর অপেক্ষা করছে। অনেকের মধ্যে হতাশা জন্ম নিয়েছে। এখন প্রকল্পটি শেষ করার জন্য সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা প্রয়োজন। তাহলেই প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে।
উত্তরা আবাসিক এলাকার তৃতীয় প্রকল্পের কাজ শুরু হয় ১৯৯৯ সালে। এ প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয় ৪৪ কোটি ৮ লাখ ১১ হাজার টাকা। পরবর্তী সময়ে ব্যয় পুনর্নির্ধারণ করে ২ হাজার ৩৪০ কোটি ২১ লাখ ৫২ হাজার টাকা করা হয়।
পরিদর্শনকালে মন্ত্রী জানান, তৃতীয় প্রকল্পে আছে উত্তরার ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর সেক্টর। চারটি সেক্টরেই প্রায় ৯০ শতাংশ ভূমির উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের ১৬৫ কিলোমিটার পাকা রাস্তার মধ্যে ১২৭ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ভূমি উন্নয়ন ও রাস্তা নির্মাণের বাকি কাজ শেষ হবে ২০১৬ সালের জুনের মধ্যে। পুরো প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করতে পূর্ণ মেয়াদ সময় লাগবে। তবে প্রকল্পের সব অংশেরই কাজ চলছে।
পরিদর্শন সময়ে তাঁর সঙ্গে ছিলেন রাজউকের চেয়ারম্যান জয়নাল আবেদিন, গৃহায়ণ ও গণপূর্তসচিব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ, প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া, অতিরিক্ত সচিব রহমত উল্লাহ মো. দস্তগীরসহ অনেকে। বিজ্ঞপ্তি।