উত্তরা থেকে জাল মুদ্রাসহ ১৭ আফ্রিকান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল দেশি-বিদেশি মুদ্রাসহ আফ্রিকার বিভিন্ন দেশের ১৭ জন নাগরিক ও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে রাজধানীর উত্তরা এলাকার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।উত্তরার বাসিন্দারা জানান, উত্তরা আবাসিক এলাকার বিভিন্ন সড়কে বাসা ভাড়া নিয়ে আফ্রিকার বেশ কিছু নাগরিক বসবাস করেন। তাঁরা প্রকাশ্যে মাদক সেবন, বিক্রি ও স্থানীয়দের সঙ্গে বিবাদ করেন এবং প্রায়ই রাতের বেলায় হইচই করে প্রতিবেশীদের বিরক্ত করেন। এসব অভিযোগে উত্তরার ১২ নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়কের একটি বাসার চতুর্থ তলা ও ১৬ নম্বর সড়কের আরেকটি বাসার পঞ্চম তলায় গতকাল সোমবার ভোরে অভিযান চালায় পুলিশ। ওই বাড়ি দুটিতে অনেক দিন ধরেই বিদেশিরা অবস্থান করছিলেন। পুলিশ এর আগেও ওই বাড়িতে তল্লাশি চালিয়েছে। তবে তখন মদ ছাড়া আর কিছু পায়নি। তখন জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের তৈরি পোশাকের ব্যবসায়ী বলে জানিয়েছিলেন। সম্প্রতি পুলিশের কাছে খবর আসে, তাঁরা জাল মুদ্রা তৈরি ও বিক্রি করছেন। অভিযানের সময় তাঁদের কাছ থেকে ১০০ মার্কিন ডলারের ৬৭টি জাল নোট, বাংলাদেশি এক হাজার টাকার আটটি জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: ববি, বিলেপি, এঞ্জো, মনিক, উইলিয়াম, দিপেন্দ, অলি, এমিলি, আজিজ করিম, ইতৌতো, ট্রভেজা কার্লোস, মেসা কান্টোস, কিটা উসমান, তেহোফো রোজেন, আকৌনাল, ইব্রাহিম শরীফ ও ম্যাকন্দো। তাঁরা ঘানা, নাইজেরিয়া, গিনি ও ক্যামেরুনের নাগরিক। তাঁদের সঙ্গে গ্রেপ্তার হওয়া বাংলাদেশির নাম দাদন।উত্তরা থানার পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়েছে। ওই দুটি মামলায় সবাইকে গতকাল ঢাকা মহানগর হাকিম উৎপল চৌধুরীর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। ১৩ মার্চ এ ব্যাপারে শুনানির দিন ধার্য হয়েছে। গ্রেপ্তার করা সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, এই চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।এদিকে উত্তরার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, আফ্রিকার এই নাগরিকেরা উত্তরা এলাকার সামাজিক পরিবেশ বিষিয়ে তুলেছেন। তাঁরা প্রকাশ্যে মাদকের ব্যবসা করেন। জনসমাগমস্থলে দৃষ্টিকটু আচরণ করেছেন। তাঁদের বাসায় এদেশীয় তরুণ-যুবকেরা মাদক কেনা ও অসামাজিক কার্যকলাপে অংশ নিতে আসেন। উত্তরার বিভিন্ন সড়কের সোসাইটিগুলোও তাঁদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছে।