উত্তরা-বাড্ডা-বিমানবন্দর এলাকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ভুলে রাজধানীর উত্তরা, বাড্ডা ও বিমানবন্দর এলাকার ৪০ হাজার ব্রডব্যান্ড গ্রাহকের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো দ্রুত সংযোগ দেওয়ার জন্য কাজ শুরু করেছে।মঙ্গলবার দিবাগত রাত থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তরা, বাড্ডা ও বিমানবন্দর এলাকার ৮০ শতাংশ এলাকা ইন্টারনেটের সঙ্গে সংযোগহীন অবস্থায় ছিল। এসব এলাকায় গ্রাহকদের ইন্টারনেট সংযোগ দিচ্ছে ২৫টি প্রতিষ্ঠান।জানা গেছে, ঝুলন্ত তার সরানোর জন্য এক সপ্তাহ ধরে বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ওই সব তার ভূগর্ভস্থ বিতরণ লাইনে সরিয়ে ফেলেছিল। গত মঙ্গলবার দিবাগত রাতে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রবেশ ফটকের উল্টো দিকে রাস্তার পাশের তার কেটে ফেলে ডিপিডিসি। ডিপিডিসির কর্মীরা ভূগর্ভস্থ বিতরণ লাইনে যেদিক দিয়ে তার ঢুকেছে, ভুল করে সেদিকের তার কেটে ফেলেন। তাই এই বিপত্তি দেখা দেয়। ইন্টারনেট সেবাদাতাদের সংগঠনের সভাপতি আখতারুজ্জামান প্রথম আলোকে জানান, ভুল দিকে কাটার কারণে বেশির ভাগ ট্রান্সমিশন কেবলে সমস্যা দেখা দিয়েছে। তিনি বলেন, কাজ শুরু হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই গ্রাহকদের ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব হবে।