উত্তরা লেক দূষণমুক্ত করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা লেক দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ কার্যক্রমের অংশ হিসেবে উত্তরা লেকে মৎস্য চাষের ইজাদার প্রতিষ্ঠান মেসার্স কাজী অ্যান্ড ব্রাদার্সের মালিক কাজী আবদুল আজিজকে পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়েছে। তাঁকে দ্রুত লেকের পানি দূষণমুক্ত করা ও কচুরিপানা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী কাজী অ্যান্ড ব্রাদার্সের মালিককে লেকের পানির দূষণমুক্ত করার নির্দেশ দেন। এ নির্দেশের অংশ হিসেবে লেকে বর্তমানে বিদ্যমান কচুরিপানা, কঠিন বর্জ্য ও আবর্জনা ৩১ মে’র মধ্যে অপসারণের নির্দেশনা দেওয়া হয়। আদেশ পালনে ব্যর্থ হলে এ সময়সীমার পর ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি উত্তরা লেকের পানির নমুনা সংগ্রহ করে এতে দ্রবীভূত অক্সিজেন ০.৬ মিলিগ্রাম/লিটার (আদর্শ মাত্রা ৪.৫-৮) এবং বিওডি ১৫.০৭ মিলিগ্রাম/লিটার (আদর্শ মাত্রা ৬, লেকের পানির জন্য) পাওয়া যায়। এ মাত্রা পরিবেশের জন্য ক্ষতিকর।পরিবেশ অধিদপ্তর জানায়, উত্তরা লেকটি উত্তরা আবাসিক এলাকার পয়োবর্জ্য, আশপাশের কয়েকটি ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের শিল্পবর্জ্য এবং আবাসিক ভবন নির্মাণের কঠিন বর্জ্য দ্বারা দূষিত হয়ে পড়ছে।মৎস্য উন্নয়ন করপোরেশনের পক্ষে জলাশয় ইউনিটের ব্যবস্থাপক নরেশচন্দ্র রাজবংশী গতকাল পরিবেশ অধিদপ্তরের পরিচালককে (এনফোর্সমেন্ট) জানান, ওই সংস্থা কাজী অ্যান্ড ব্রাদার্সের সঙ্গে লেকের ১৮ একর অংশ নিয়ে যৌথ উদ্যোগে মাছ চাষ করছে। কিন্তু এর সমর্থনে তিনি কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হন।