উত্তরা-শাহবাগ রুটে তার কাটা পাঁচ হাজার সংযোগ বিচ্ছিন্ন
অবশেষে কেটে ফেলা হয়েছে রাজধানীর উত্তরা-শাহবাগ রুটের সব কটি প্রধান সড়কের ঝুলন্ত তার। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) গতকাল শনিবার ও গত শুক্রবার দুই দিনে দৃষ্টিকটু ও বিপজ্জনকভাবে ঝুলন্ত ইন্টারনেট ও ডিশ লাইনের এসব তার কেটেছে।এদিকে তার কেটে ফেলায় ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকার প্রায় পাঁচ হাজার গ্রাহকের ইন্টারনেট বা ডিশ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।গতকাল শনিবার ডিপিডিসির তার কাটা দল ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট থেকে শুরু করে প্রতি দুই কিলোমিটার পর পর বৈদ্যুতিক খুঁটির ওপর ঝুলন্ত তার কেটেছে। এর আগে গত শুক্রবার ডিপিডিসি একই রাস্তার অন্য পাশের (প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে) তার দুই কিলোমিটার পর পর কেটে দিয়েছিল। ডেসকো গত শুক্রবার মহাখালীতে তার কাটা কার্যক্রম শুরু করে। পরে তারা গুলশান-১, বনানী-কাকলী, কুড়িল বিশ্বরোড, খিলক্ষেত ওভারব্রিজের পূর্ব পাশ, এয়ারপোর্টের সামনের স্থান এবং উত্তরা জসীমউদ্দীন রোডের পূর্ব প্রান্তে ঝুলন্ত তারের সংযোগস্থল কেটে তারের গোছা মাটিতে নামিয়ে দিয়েছে। উল্লেখ্য, উত্তরা-শাহবাগ রুটের প্রধান সড়কগুলোর সব ধরনের ঝুলন্ত তার সরিয়ে ভূগর্ভস্থ বিতরণ লাইনে স্থাপনের শেষ সময় ছিল গত ৩০ নভেম্বর।সেবায় বিঘ্ন হওয়ার ব্যাপারে আইএসপিএবির সভাপতি আখতারুজ্জামান মঞ্জু প্রথম আলোকে বলেন, ‘তার কাটা শুরু হওয়ার পরে বিভিন্ন স্থানের প্রায় পাঁচ হাজার গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে খবর পেয়েছি।’ রবি-সোমবারে অফিস-আদালত শুরু হলে এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তিনি। মঞ্জু বলেন, মূলত ভূগর্ভস্থ বিতরণ লাইনে সংযোগ নামায়নি এমন অনিবন্ধিত সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর গ্রাহকেরাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। কিন্তু অসাবধানতাবশত কিছু লিংকও কাটা পড়ে গেছে বলে জানান তিনি।এদিকে, সরকার-নির্ধারিত দ্বিতীয় ও তৃতীয় পর্বের ভূগর্ভস্থ ট্রান্সমিশন অবকাঠামো নির্মাণের কাজ চলছে বেশ দ্রুতগতিতে। শাহবাগ-মৎস্যভবন-পল্টন মোড়-দৈনিক বাংলা-শাপলা চত্বর, উত্তরা-গুলশান-মগবাজার-মতিঝিল, কামাল আতাতুর্ক এভিনিউ-গুলশান ২-মার্কিন দূতাবাস, গুলশান ২-গুলশান ১, মিরপুর ১৪-মিরপুর ১০-টেকনিক্যাল মোড়-শ্যামলী, মিরপুর-ধানমন্ডি, বাংলামোটর-মগবাজার-মৌচাক, মতিঝিল শাপলা চত্বর-মালিবাগ-রামপুরা-বাড্ডা-গুলশান-বাড্ডা লিংক রোড-মহাখালীর জলখাবার রুটের অবকাঠামো নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। মতিঝিল ও গুলশানের বাণিজ্যিক এলাকায় অনেক শাখা রাস্তায় বসানো হচ্ছে অতিরিক্ত ভূগর্ভস্থ বিতরণ লাইন।সরকারের সর্বশেষ নির্দেশ অনুযায়ী, দ্বিতীয় ও তৃতীয় পর্বসহ রাজধানীর সব প্রধান সড়কের ঝুলন্ত তার নামানোর শেষ সময় ৩১ ডিসেম্বর।তিন বছর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) রাজধানীর প্রধান সড়ক থেকে ইন্টারনেট, কেব্ল টিভিসহ সব ধরনের ঝুলন্ত তার অপসারণের জন্য ন্যাশনাল টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) নীতিমালা প্রণয়ন করে। ওই সময় ফাইবার অ্যাট হোম এবং ২০০৯ সালে সামিট কমিউনিকেশনস লিমিটেড এর লাইসেন্স নেয়। তারা পুরো রাজধানীতে ভূগর্ভস্থ অবকাঠামো তৈরি করেছে।