উত্তরা-শাহবাগ সড়কে মাথার ওপর ঝুলে থাকা তারের গোছাগুলো নামিয়ে ফেলা হয়েছে। সরকার-নির্ধারিত সময়ে উত্তরা-মতিঝিল-গুলশান এবং শাহবাগ-মতিঝিল রুটের ঝুলন্ত তারের বেশির ভাগই মাটির নিচে চলে গেছে। তবে মতিঝিল ও গুলশানের বাণিজ্যিক এলাকায় অবকাঠামো নির্মাণ ও কারিগরি সমস্যার সমাধানে আরও সময় লাগবে বলে জানিয়েছে নির্মাণকারী ও ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো।উত্তরা-শাহবাগ ও উত্তরা-মতিঝিল রুটের ঝুলন্ত তার নামিয়ে ফেলার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। এ পর্যন্ত তিনবার সময় বাড়িয়েছে সরকার। ৫ ডিসেম্বর রোববার এ বিষয়ে সচিবালয়ে আন্তমন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে।সরেজমিনে দেখা গেছে, সরকার-নির্ধারিত দ্বিতীয় ও তৃতীয় পর্বের অবকাঠামো নির্মাণের কাজ চলছে দ্রুতগতিতে। শাহবাগ-মৎস্য ভবন-পল্টন মোড়-দৈনিক বাংলা-শাপলা চত্বর, উত্তরা-গুলশান-মগবাজার-মতিঝিল, কামাল আতাতুর্ক এভিনিউ-গুলশান-২-মার্কিন দূতাবাস, গুলশান-২-গুলশান-১, মিরপুর-১৪-মিরপুর-১০-টেকনিক্যাল মোড়-শ্যামলী, মিরপুর-ধানমন্ডি, বাংলামোটর-মগবাজার-মৌচাক, মতিঝিলের শাপলা চত্বর-মালিবাগ-রামপুরা-বাড্ডা-গুলশান বাড্ডা লিংক রোড-মহাখালীর জলখাবার রুটের অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এসব রুটের অনেক জায়গাতেই মাটির নিচে চলে গেছে ইন্টারনেট বা ডিসের সংযোগ।তবে মতিঝিল ও গুলশান এলাকায় প্রচুর সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কোনো রকম বিঘ্ন না ঘটিয়ে তার নামাতে ঝামেলায় পড়েছে নির্মাতা ও ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। জানা গেছে, ফাইবার এট হোমের অবকাঠামো নির্মাণের কাজ শেষ। তাদের বেশি ঝামেলা হচ্ছে কারিগরি সমস্যার সমাধান নিয়ে। গ্রাহকদের সব ধরনের উপযুক্ত প্রযুক্তিগত সুবিধা নিয়ে এখনো পুরোপুরি তৈরি হয়নি তারা। আর এ খাতের কাজে বেশ দেরিতে আসায় সামিট কমিউনিকেশন্স লিমিটেড কারিগরি সমস্যা সমাধানের পাশাপাশি অবকাঠামো নির্মাণের কাজ নিয়েও ব্যস্ত রয়েছে। তবে সামিট হরাইজেন্টাল ডাইরেকশনাল ড্রিলিং পদ্ধতি (এইচডিভি) ব্যবহার করায় অবকাঠামো নির্মাণের কাজ যথেষ্ট দ্রুত শেষ করতে পারছে বলে জানিয়েছে ইন্টারনেটের সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।সামিটের মহাব্যবস্থাপক মো. শাহ মিরাজ প্রথম আলোকে বলেন, মতিঝিলের গ্রাহকেরা ইতিমধ্যে শাহবাগের পপ-আপে সংযুক্ত হয়ে গেছে। তিনি আশা করছেন, সরকার আরও কিছুটা সময় বাড়ালে সব কাজ সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব। প্রসঙ্গত, ইন্টারনেট ব্যবসায়ীরা নানা প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের কাছে ইন্টারনেট পৌঁছে দেন। এসব প্রযুক্তির সমন্বয় করতে এই ‘পপ-আপ’ ব্যবহার করা হয়।ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আখতারুজ্জামান মঞ্জু বলেন, শাহবাগ থেকে উত্তরা পর্যন্ত শতভাগ কাজ শেষ। এ এলাকার আইএসপি প্রতিষ্ঠান তাদের গ্রাহককে সংযোগ দিতে পেরেছে। উত্তরা-মতিঝিল-গুলশান রুটে এবং শাহবাগ-মতিঝিল রুটের কাজও প্রায় শেষ। তবে পুরো রাজধানীর সব প্রধান রাস্তা থেকে তার নামাতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত লাগতে পারে। তিনি জানান, কাল রোববার অনুষ্ঠেয় আন্তমন্ত্রণালয় বৈঠকে রাজধানীর সব এলাকার গ্রাহকের কাছে নিরবচ্ছিন্ন সংযোগসহ তার নামানোর জন্য কিছুটা অতিরিক্ত সময় চাইবেন তাঁরা।রাস্তার পাশে ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের ঝুলন্ত তার, ভূ-গর্ভস্থ বিতরণ লাইন-ব্যবস্থার আওতায় স্থাপনের বিষয়ে গত মার্চে নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার।