উত্তরায় পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির একটি পুকুর থেকে জুনায়েদ আহমেদ (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ রোববার বেলা ১১টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়। 
জুনায়েদ উত্তরার ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৬৭ নম্বর বাসায় থাকত। তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার বসন্তপুর গ্রামে। বাবার নাম আবদুস সালাম।
উত্তরা পূর্ব থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাসেল শেখ কবীর প্রথম আলোকে বলেন, আজ সকাল থেকে জুনায়েদ নিখোঁজ ছিল। পরে তার স্বজনেরা ফায়ার সার্ভিসে খবর দিলে বাহিনীর পরিদর্শক মো. দুলালের নেতৃত্বে কয়েকজন কর্মী ওই পুকুর থেকে তার লাশটি উদ্ধার করে।
এসআই আরও বলেন, জুনায়েদের গলার নিচে তিন-চারটি দাগ পাওয়া গেছে। এ ছাড়া তার পেটের বাঁ পাশে আঁচড়ের দাগ পাওয়া গেছে। জুনায়েদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।