উত্তরার ফ্ল্যাট থেকে দেশি অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরার ফ্ল্যাটে অস্ত্রসহ গ্রেপ্তার মকবুল হোসেন পরশের পরিবার থাকে কামরাঙ্গীরচরে
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে চামেলি নামের ভবনের একটি ফ্ল্যাট থেকে দেশি অস্ত্রসহ রোববার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মকবুল হোসেন পরশ। এই ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তুরাগ থানা তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাদী হাসান প্রথম আলোকে বলেন, পুলিশের কাছে খবর ছিল ‘কিশোর গ্যাংয়ের’ এক সদস্য অস্ত্রশস্ত্র নিয়ে উত্তরার একটা বাসায় আছে। পরে সেখানে অভিযান চালিয়ে মকবুলকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে, মকবুল ভাড়াটে সন্ত্রাসী। টাকার বিনিময়ে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে থাকেন।

মকবুলের বাসায় তোশকের নিচ থেকে এসব দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ
ছবি: সংগৃহীত

তুরাগ থানার উপপরিদর্শক মো. নাফিজ মেহেদী মকবুলকে গ্রেপ্তার করেন। তিনি জানান, মকবুলের পরিবার কামরাঙ্গীরচরে থাকে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বলে পরিবারকে জানিয়েছেন। উত্তরার এই ফ্ল্যাট মাস দুয়েক আগে ভাড়া নিয়েছেন। তাঁর আরও দুই সহযোগী আছে।

অস্ত্র আছে এমন খবরে বাসায় অভিযান চালনার পর তাঁর তোশকের নিচ থেকে ছোরা, রামদা উদ্ধার করা হয়। এগুলো কেন জড়ো করেছেন তার কোনো সদুত্তর দিতে পারেননি মকবুল। তাঁর দুই সহযোগীকে পাওয়া যায়নি। তাঁরা ঈদে বাড়ি গেছেন বলে জানিয়েছেন মকবুল। এ বিষয়ে তদন্ত চলছে।