উত্তরার সেই কিশোরদের ধরতে পারেনি পুলিশ
রাজধানীর উত্তরায় পুলিশের তল্লাশিচৌকির সংকেত অমান্য করে চলে যাওয়া গাড়ির কোনো আরোহীকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। গাড়িটি কেন সংকেত অমান্য করে চলে গেল, তাও জানা যায়নি। যদিও গাড়িটি পুলিশ জব্দ করেছে।
গত সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে পুলিশের একটি তল্লাশিচৌকির সদস্যরা সংকেত দেওয়ার পরও একটি গাড়ি তা না মেনে দ্রুত চলে যায়। পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে গাড়িটি ৫ নম্বর সেক্টরে ঢুকে পড়ে। এ সময় গাড়িটি থামাতে পুলিশ শটগান থেকে দুটি গুলি ছোড়ে। এরপর ৫ নম্বর সেক্টরে একটি বাড়ির সামনে গাড়িটি রেখে পালিয়ে যায় আরোহীরা। তবে গুলিতে কেউ হতাহত হয়নি।
জানতে চাইলে পুলিশের উত্তরা বিভাগের সহকারী কমিশনার নূরে আলম বলেন, গাড়িটির মালিকানা যাচাইয়ের জন্য বিআরটিএতে খোঁজ নেওয়া হচ্ছে। আরোহীদের কাউকে গতকাল পর্যন্ত ধরা যায়নি।
এদিকে প্রত্যক্ষদর্শী পুলিশ সদস্যদের বরাত দিয়ে এক পুলিশ কর্মকর্তা বলেন, গাড়িটিতে কিশোর বয়সী চারজন ছিল। তারা সজোরে গাড়ি চালাচ্ছিল। গাড়িটির কাগজ অনুযায়ী এর মালিক একজন আইনজীবী। গাড়ির ভেতরে একটি নামকরা ইংরেজি মাধ্যম স্কুলের ইউনিফর্মও পাওয়া গেছে। পুলিশের ধারণা, চার কিশোর হয়তো কোনো অবৈধ দ্রব্য বহন করছিল বা তারা ভয় পেয়ে এ কাজ করে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, এ বিষয়ে একটি জিডি হয়েছে। একজন কর্মকর্তা তদন্ত করছেন। তদন্তে যদি মামলা নেওয়ার কোনো উপাদান মেলে তাহলে অবশ্যই মামলা হবে।
এর আগে গত ১২ অক্টোবর গুলশানের ৭৪ নম্বর সড়কে কিশোর গাড়িচালক ফারিজ রহমানের দ্রুতগামী জিপের চাপায় চারজন আহত হন। কিশোর ফারিজ রহমান সাবেক সাংসদ এইচ বি এম ইকবালের ভাইয়ের ছেলে। দুর্ঘটনার পরে পুলিশ গাড়িটি জব্দ করে আর ওই কিশোরকে তার অভিভাবকের হাতে তুলে দেয়। কেউ অভিযোগ করতে আসেনি অজুহাত তুলে পুলিশ কোনো মামলাও করেনি।
কিন্তু এর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে গত ২০ অক্টোবর গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে ১৪ দিনের মধ্যে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন হাইকোর্ট।