উত্তরার ২০ বাড়ির অবৈধ অংশ উচ্ছেদ
উত্তরা এলাকায় যানজট কমাতে বিভিন্ন ভবনে পার্কিংয়ের জায়গা খালি করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল বৃহস্পতিবার ছিল উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিন। এ সময় ২০টি বাড়ির অবৈধ অংশ উচ্ছেদ হয়।
রাজউক জানায়, গতকাল সকালে উত্তরা ১ নম্বর সেক্টরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আড়ং ভবনের পর থেকে রাজউক কর্মচারী কল্যাণ মার্কেট পর্যন্ত উচ্ছেদ হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে ২০টি ভবনের অতিরিক্ত অংশ, রাজউকের নকশাবহির্ভূত ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ অংশে উচ্ছেদ চলে। এ সময় কয়েকটি ভবনের মালিককে স্থাপনা সরানোর নির্দেশ দেন দায়িত্বরত কর্মকর্তা। কোনো কোনো প্লটের মালিককে অবৈধ স্থাপনা সরানোর জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়। কেউ কেউ তাৎক্ষণিকভাবে নিজ উদ্যোগে স্থাপনা সরাতে সম্মত হন। অনেকে আবার রাজউকের স্থগিতাদেশ দেখিয়ে উচ্ছেদ না করার অনুরোধ করেন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা বলেন, ‘দুজন প্লট মালিক স্থগিতাদেশ দেখিয়েছেন। আমরা বিষয়টি বিবেচনায় রেখেছি, স্থগিতাদেশটির বৈধতা যাচাই করা হচ্ছে।’
উচ্ছেদ আওতায় ছিল রাস্তার ওপর নির্মিত অবৈধ র্যাম্প, পার্কিংয়ের জায়গায় স্থাপনা ও ভবনের বাড়তি অংশ। অভিযানে ১০টি অবৈধ র্যাম্প, ৫টি ভবনের পার্কিংয়ের গড়ে তোলা অবৈধ স্থাপনা ও কয়েকটি বাড়ির বাড়তি অংশ উচ্ছেদ করা হয়। বেলা ১১টায় অভিযান শুরু হয়ে আড়াইটা পর্যন্ত চলে।
সূত্র জানায়, মূল নকশার বদলে অবৈধ স্থাপনা নির্মাণ করায় কুশল সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা। পরে তিনি চায়না টাউন এবং বাটা শু কোম্পানির একটি দোকানে এক লাখ টাকা করে জরিমানা করেন। চায়না টাউনে ‘হকার্স মার্কেট’ থাকার পরও উচ্ছেদ না করা প্রসঙ্গে তিনি বলেন, চায়না টাউন কর্তৃপক্ষ রাজউকের অনুমোদন নিতে চেয়েছে বলে উচ্ছেদ করা হয়নি। রাজউক যদি প্রতিষ্ঠানটির অনুমোদন না দেয় তাহলে আগামী সপ্তাহে এটি উচ্ছেদ করা হবে।
রাজউক সূত্রে জানা যায়, উত্তরার মূল ও সংযোগ সড়কগুলোয় যানজট নিয়ন্ত্রণে না আসা অবধি উচ্ছেদ অভিযান চলবে। এ কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে মহাসড়কের দুই পাশ পরিষ্কার করা হবে।