উত্তরায় অবৈধ সংযোগ দিয়ে পানির ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াসার গভীর নলকূপ থেকে অবৈধভাবে প্লাস্টিক পাইপে করে পানি সরবরাহ করা হচ্ছে খালের ওপারে থাকা গ্রামগুলোতে। এতে মাঝেমধ্যেই পানির চরম সংকটে ভুগছে রাজধানী উত্তরার ১২ নম্বর সেক্টরের বাসিন্দারা।
উত্তরা মডেল টাউনের পশ্চিম দিকে শেষ মাথায় ১২ নম্বর সেক্টরের অবস্থান। এই সেক্টরের সঙ্গে রয়েছে একটি খাল। খালের ওপারে ফুলবাড়িয়া ও টেকপাড়া নামের দুটি গ্রাম। গতকাল সরেজমিনে দেখা যায়, ১২ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কসংলগ্ন গভীর নলকূপ থেকে খালপাড়ের বিভিন্ন স্থানে শতাধিক পাইপ দিয়ে খালের ওপারে পানি সরবরাহ করা হচ্ছে। এ জন্য ১৭, ১৭/এ, ১৮, ১৯ ও ১৯/এ নম্বর সড়কের বিভিন্ন স্থানে রাস্তা কাটা হয়েছে। সেখান থেকেই বের হয়েছে অবৈধ সব পানির সংযোগ। কাটা অংশগুলো থেকে কোথাও ১০-১৫টি, কোথাও ২৫-৩০টি করে প্লাস্টিক পাইপ বের হয়ে চলে গেছে খালের ওপারে। উত্তরা ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নিরাপত্তা কর্মকর্তা রেজাউল করিম জানান, এসব পাইপের মাধ্যমেই খালের ওপারে থাকা ফুলবাড়িয়া ও টেকপাড়া গ্রামে পানি সরবরাহ করা হচ্ছে।
সেক্টরটির কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ কে এম নাসিরুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘অবৈধ পথে খালের ওপারের গ্রামগুলোতে পানির সংযোগ দিয়ে রমরমা ব্যবসা করছে অনেক দালাল চক্র। আর এই ভোগান্তির শিকার হচ্ছি আমরা। মাঝেমধ্যেই পানি সংকটে পড়তে হচ্ছে।’ তিনি বলেন, ‘আমরা অনেকবার ওয়াসার মড্স জোন উত্তরায় এ নিয়ে লিখিত অভিযোগ করেছি। কিন্তু কোনো ফল পাইনি। অন্যদিকে দিন দিন অবৈধ সংযোগের সংখ্যা বেড়েই চলেছে।’
খালের ওপারে ফুলবাড়িয়া গ্রামে গিয়ে দেখা গেল, প্রতিটি ঘরেই আছে পানির সংযোগ। গ্রামটির একজন রিকশাচালক প্রথম আলোকে বলেন, মাসপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা পানির বিল দিতে হয়। মাস শেষে এক ব্যক্তি এসে প্রত্যেকের পরিবার থেকে বিল নিয়ে যান। বিলের কোনো রসিদ দেওয়া হয় কি না জানতে চাইলে তিনি বলেন, রসিদ দেওয়া হয় না, তবে ওই ব্যক্তি রেজিস্টার খাতায় লিখে রাখেন। বিল নিতে আসা লোকটির নাম জানতে চাইলে তিনি জানেন না বলে জানান।
খালের ওপারে পানি সরবরাহের পাইপের সংখ্যা শতাধিক, অপরদিকে ফুলবাড়িয়া ও টেকপাড়া গ্রামে বসবাস করে তিন শতাধিক পরিবার। প্রায় প্রতি পরিবারেই আছে পানির সংযোগ। তা হলে বাকি পরিবারগুলো পানির সংযোগ পেল কোথা থেকে? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল একটি লাইন থেকেই পানি ভাগ করে দেওয়া হচ্ছে অনেক পরিবারকে। গ্রামগুলোতে পানির সংযোগের কাজ করা এক ব্যক্তি নিজেকে ওয়াসার কর্মী বলে পরিচয় দিয়ে প্রথম আলোকে বলেন, ‘আমরা ওয়াসার কাছ থেকে অনুমতি পেয়েই পানি সরবরাহের কাজ করি।’ গ্রামে পানি সরবরাহের সব কটি সংযোগ বৈধ বলে তিনি দাবি করেন।
সেক্টরটির এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ওয়াসা কোনোভাবেই প্লাস্টিক পাইপের মাধ্যমে বাইরের এলাকায় পানির সংযোগ দেওয়ার অনুমতি দিতে পারে না।