উত্তরায় আজ প্লট হস্তান্তর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে উত্তরা তৃতীয় প্রকল্পের প্লট হস্তান্তর শুরু হবে। ২৬ এপ্রিল পর্যন্ত প্রায় দুই মাসে উত্তরা ১৫ নম্বর সেক্টরের এক হাজার ৬৬৮টি প্লট হস্তান্তর হবে বলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্র জানিয়েছে। আবেদন করার প্রায় ১৪ বছর পর উত্তরা তৃতীয় প্রকল্পে প্লট বুঝিয়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া উত্তরা তৃতীয় সম্প্রসারিত প্রকল্পেরও কিছু প্লট বুঝিয়ে দেওয়া হবে। উত্তরায় রাজউকের সংশ্লিষ্ট প্রকল্পের কার্যালয় এলাকায় আজ বেলা ১১টায় আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও রাজউক চেয়ারম্যান মো. নূরুল হুদা উপস্থিত থেকে কিছু প্লট বুঝিয়ে দেবেন। এ ছাড়া পর্যায়ক্রমে নির্ধারিত কয়েকটি তারিখে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্লট বুঝিয়ে দেওয়া হবে। রাজউক সূত্র জানায়, যাঁরা প্লটের দখল পাচ্ছেন তাঁদের নির্ধারিত তারিখে নির্দিষ্ট সময়ে নিজ নিজ প্লটের পাশে থাকতে হবে। প্লটের দখল নেওয়ার আগে তাঁদের পুরো টাকা পরিশোধের প্রমাণপত্র দেখাতে হবে। যেসব গ্রহীতা প্লটের জন্য তৃতীয় বা শেষ কিস্তির টাকা পরিশোধ করেননি ৩০ এপ্রিলের মধ্যে পরিশোধ করলে তাঁদের সুদ দিতে হবে না। এদিকে পূর্বাচল উপশহর প্রকল্পে (রূপগঞ্জ) প্লট হস্তান্তর পর্ব শুরু হবে ৯ মার্চ থেকে।