উত্তরায় আড়ংকে তিন লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনারেটরের অসহনীয় শব্দদূষণের অভিযোগে উত্তরার আড়ং সেন্টারকে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে আড়ং সেন্টারের জেনারেটর অবিলম্বে বন্ধ রেখে শব্দদূষণ বন্ধ এবং দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী আড়ংয়ের কর্মকর্তাদের পরিবেশ অধিদপ্তরে তলব করে এ দণ্ডাদেশ দেন। উত্তরা আবাসিক এলাকাসংলগ্ন ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের অদূরে আড়ং সেন্টারের বেসমেন্টে ৬৩৫ ও ৩৫০ কেভিএ ক্ষমতার দুটি জেনারেটর আছে। স্থানীয় লোকজন পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করে, ওই দুটি জেনারেটর থেকে মারাত্মক শব্দদূষণ হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের একটি দল গতকাল ওই প্রতিষ্ঠানে জেনারেটরের শব্দের মান পরীক্ষা করার জন্য যায়। তারা পরিমাপ করে দেখে, এসব জেনারেটর থেকে যথাক্রমে ৭৪, ৮২, ৯০ ও ১০১ ডেসিবেল শব্দ হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আড়ংয়ের কর্মকর্তারা বলেন, ক্যানোপি না থাকার কারণে শব্দদূষণ ঘটছে। তাঁরা পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী জেনারেটর বন্ধ রাখার এবং দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।