উত্তরায় আড়াই হাজার ফ্ল্যাটের জন্য আবেদন পড়েছে ৩৫৫টি
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে তৃতীয় পর্যায়ে আড়াই হাজার ফ্ল্যাটের জন্য আবেদনপত্র জমা পড়েছে মাত্র ৩৫৫টি। বিক্রি হয়েছিল ১ হাজার ১৫২টি। বাজারমূল্যের তুলনায় অতিরিক্ত দামের কারণে ফ্ল্যাটের প্রতি লোকজনের আগ্রহ কম বলে ক্রেতা এবং রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।
এদিকে উত্তরায় আগে বরাদ্দ দেওয়া ৪ হাজার ১০০ ফ্ল্যাটের মধ্যে ৮৪০টি আগামী ডিসেম্বরে লটারির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে বলে রাজউকের সংশ্লিষ্ট দপ্তর থেকে বলা হয়েছে।
উত্তরা ১৮ নম্বর সেক্টরের এ ব্লকে আড়াই হাজার ফ্ল্যাটের জন্য নতুন করে আবেদনপত্র চাওয়া হয় গত ১ ডিসেম্বর। চারটি সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে পাঁচটি ব্যাংক থেকে ২ হাজার টাকায় আবেদনপত্র ও পরিচিতি পুস্তিকা সংগ্রহের জন্য বলা হয়। ব্যাংকগুলো হচ্ছে সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের রাজউক শাখা, ইস্টার্ন ব্যাংক প্রিন্সিপাল শাখা এবং এক্সিম ব্যাংক পুরানা পল্টন শাখা। ব্যাংকগুলো থেকে সবশেষ গত ২৪ এপ্রিল আবেদনপত্র বিক্রি ও জমার হিসাব দেওয়া হয়। তাতে দেখা যায়, সোনালী ব্যাংকে আবেদনপত্র বিক্রি হয়েছে ১৬০টি, জমা পড়েছে ৪৯টি। জনতা ব্যাংকে বিক্রি ৭২৯, জমা ২০১, অগ্রণী ব্যাংকে বিক্রি ১৬০, জমা ৪৮, এক্সিম ব্যাংকে বিক্রি ৬১, জমা ১২ এবং ইস্টার্ন ব্যাংকে বিক্রি ৪২, জমা ২৩টি। এ ছাড়া বিদেশ থেকে জমা পড়েছে মাত্র ২২টি।
নতুন আড়াই হাজার ফ্ল্যাটের প্রতিটির আয়তন ১ হাজার ৬৫৪ বর্গফুট। নিট আয়তন ১ হাজার ২৭৬ বর্গফুট। প্রতি বর্গফুটের দাম ৪ হাজার ৮০০ টাকা। ফ্ল্যাটগুলোর মোট দাম আসবে ৮৮ লাখ ৯১ হাজার ৫৫২ টাকা। এর বাইরে লিজ দলিলের খরচ মোট দামের সাড়ে ১৩ শতাংশ। জামানতের ৪ লাখ টাকার পরে ১২টি কিস্তিতে টাকা পরিশোধ করার কথা। প্রথম চার কিস্তি ৯ লাখ ৪২ হাজার ৪০০ টাকা করে। বাকি আট কিস্তি ৫ লাখ ২৭ হাজার ৭৪৪ টাকা করে। এর সঙ্গে যুক্ত হবে পার্কিং ও সেবা খাতের (বিদ্যুৎ-পানি-গ্যাস) মোট ৫ লাখ টাকা।
ব্যাংক এবং রাজউক সূত্রমতে, ২০১২ সালে উত্তরায় যেসব ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়, সেগুলোর প্রতি বর্গফুটের দাম ছিল ৩ হাজার ৫০০ টাকা করে। পার্কিং ও সেবা খাতের টাকা ছাড়া মূল ফ্ল্যাটের দাম ৫৬ লাখ টাকা। প্রায় একই আয়তনের এসব ফ্ল্যাটের মোট দামের তুলনায় নতুন ফ্ল্যাটের দাম বেশি এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। গত বৃহস্পতিবার জনতা ব্যাংক রাজউক ভবনে নতুন ফ্ল্যাটের আবেদনপত্র ফরম কিনতে এসে ফিরে যেতে দেখা যায় কয়েকজন ক্রেতাকে। তাঁদের মধ্যে একজন অস্ট্রেলিয়া থাকেন। তিনি তাঁর বাবার নামে একট আবেদনপত্র কিনতে এসে বিস্তারিত জানার পর আর কেনেননি বলে জানান। তিনি বলেন, ‘এখানে ফ্ল্যাটের দাম পড়বে প্রায় ৯০ লাখ টাকা। তাও কবে পাওয়া যাবে ঠিক নাই। উত্তরা মডেল টাউনে এখন এর চেয়ে অনেক কম দামে ভালো ফ্ল্যাট পাওয়া যায়।’ জনতা ব্যাংকের দায়িত্বরত একজন কর্মকর্তা বলেন, ‘অনেকেই দামের কথা শুনে ফিরে যাচ্ছেন। ফ্ল্যাটের প্রতি বেশির ভাগ ক্রেতার আগ্রহ কম। সবাই খবর নিচ্ছেন, প্লট দেওয়া হবে কি না।’
উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের উপপরিচালক মোহাম্মদ এস এ সাবরী বলেন, ‘অনেকেরই আশঙ্কা, উত্তরায় আদৌ রাজউকের ফ্ল্যাট নির্মাণ হচ্ছে কি না। তাঁদের অনুরোধ করব ১৮ নম্বর সেক্টরে প্রকল্প এলাকা ঘুরে আসতে। সেখানে বেশ কয়েকটি ১৫ তলা ভবন তৈরি হয়ে গেছে। বরাদ্দপ্রাপ্তরা সেখানে গেলে দেখানোর জন্য রাজউকের নিয়োজিত লোকও আছেন।’ আগে বরাদ্দ দেওয়া ৪ হাজার ১০০ ফ্ল্যাটের মধ্যে ৮৪০টি আগামী ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে বলে জানান তিনি।