উত্তরায় এক বাসা থেকে দুই গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি বাসা থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে শিউলি আক্তার (১৭) ও জেরিন আক্তার (১৫) নামে দুই গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে।গৃহকর্মীর পরিবারের অভিযোগ, শিউলি ও জেরিনকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়। তবে পুলিশ বলেছে, ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে। পুলিশ সূত্র জানায়, সকালে আরিফ ইকবাল নামে এক ব্যক্তি থানায় ফোন করে তাঁর বাসায় দুই গৃহকর্মীর মৃত্যুর খবর জানান। পরে উত্তরা পশ্চিম থানার পুলিশ ৭ নম্বর সেক্টরের ২৪ নম্বর সড়কের ২০ নম্বর বাড়ির চতুর্থ তলার বাসিন্দা আরিফ ইকবালের বাসার রান্নাঘরের একটি সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শিউলি ও জেরিনের লাশ ঝুলতে দেখে। লাশ উদ্ধারের সময় রান্নাঘরের দরজা খোলা ছিল। সকাল সোয়া সাতটার দিকে সিলিং ফ্যান থেকে লাশ দুটি নামানো হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ দুটি পাঠানো হয় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে। শিউলি ও জেরিনের বাড়ি নওগাঁর নেয়ামতপুরের মৈশগ্রামে। জেরিনের বাবার নাম মো. মোস্তফা। শিউলির বাবার নাম জানা যায়নি। জেরিনের ফুফু সুখমনি তিন মাস আগে জেরিন ও শিউলিকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আরিফ ইকবালের বাসায় কাজে দিয়েছিলেন।উত্তরা পশ্চিম থানার ওসি রেজাউল হাসান বলেন, আরিফ ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁরা জানিয়েছেন, তাঁরা ঘুমিয়েছিলেন, কিছু টের পাননি। খবর পেয়ে জেরিনের ফুফাতো বোন বিউটি আক্তার যান গৃহকর্তা আরিফ ইকবালের বাসায়। গতকাল দুপুরে এই প্রতিবেদক সেখানে গেলে জেরিনের ফুফাতো বোন বিউটি আক্তার গৃহকর্তা আরিফের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘রান্না ঘরের একটি চব্বিশ ইঞ্চি সিলিং ফ্যানের সঙ্গে একটি ওড়নায় দুজন মেয়ে একসঙ্গে ঝুলে কীভাবে আত্মহত্যা করে। আপনারা আমার বইনেরে মাইরা ঝুলাইয়া চালাকি কইরা পুলিশ খবর দিছেন। আপনারা এতগুলো মানুষ বাসায় কেহই রাতে টের পাইলেন না। আরিফ কোনো কথা না বলে তাঁকে বাসা থেকে বের করে দেন।’ বিউটি প্রথম আলোর কাছে অভিযোগ করেন, জেরিন ও শিউলিকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। গৃহকর্ত্রী তাজিয়া রৌহানি প্রথম আলোকে বলেন, বুধবার রাত সাড়ে ১১টায় দুই গৃহকর্মী ঘুমাতে যায়। তিনি প্রতিদিন ঘুম থেকে জেগে শোবার ঘর থেকেই কলবেল টিপে কাজের মেয়েদের ঘুম ভাঙান। তখন একজন এসে তাঁকে বলে ‘খালাম্মা উঠছি’। গতকাল সে রকম কিছু না বলাতে তিনি নিজেই বের হয়ে রান্নাঘরে গিয়ে দেখেন ফ্যানের সঙ্গে ওরা ঝুলছে।গৃহকর্তা আরিফ ইকবাল বলেন, দুই গৃহকর্মী গলায় দড়ি পেঁচিয়ে ফাঁস লাগিয়ে মারা গেছে। হত্যার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘যদি ওদের মেরে ফেলতাম, তাহলে পুলিশে খবর দিতাম না, লাশ গুম করে ফেলতাম।’