উত্তরায় গৃহকর্মীর মৃত্যু নিয়ে রহস্য
উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসার গৃহকর্মী মুক্তা বেগমের (১৯) মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে ওই বাসা থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বাসার লোকজন ভিন্ন ভিন্ন বক্তব্য দেওয়ায় মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মুক্তা ৯ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ির পাঁচতলার বাসায় থাকতেন। ওই বাসায় গৃহকর্তা মো. হাফিজ ও গৃহকর্ত্রী নাসিমা রহমান তাঁদের পাঁচ সন্তান নিয়ে থাকেন। গৃহকর্ত্রীর পাঁচ ভাইবোনও ওই ভবনের বিভিন্ন ফ্ল্যাটে থাকেন। গতকাল সকাল ১০টার দিকে গৃহকর্ত্রীর ছোট ভাইয়ের প্রতিষ্ঠানের কর্মকর্তা ভুট্টো শেখ ও বিদ্যুৎমিস্ত্রি মনির গৃহকর্মী মুক্তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে দায়িত্বরত পুলিশ ভুট্টো শেখ ও মনিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।ভুট্টো শেখ জানান, গতকাল সকাল নয়টার দিকে গৃহকর্ত্রীর মা তাঁকে ফোন করে জানান, মুক্তা ছাদ থেকে পড়ে গেছেন। তাঁকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তিনি ওই হাসপাতালে গেলে সেখানে গৃহকর্ত্রীর বাবা তাঁকে বলেন, মুক্তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে হবে। এরপর তিনি ও মনির তাঁকে নিয়ে হাসপাতালে আসেন।গৃহকর্তা হাফিজের ভায়রা মহিউদ্দিন জানান, প্রায় চার বছর আগে গ্রামের এক লোক মুক্তাকে এই বাসায় দিয়ে যায়। মুক্তার মা-বাবা কেউ নেই। তিনি জানান, সকাল সাড়ে আটটার দিকে ছাদের ওপর গেলে দুর্ঘটনাবশত মুক্তা নিচে পড়ে যান। গৃহকর্তা হাফিজ ভারতে গিয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে গৃহকর্ত্রী নাসিমার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।নাসিমার ভাই সাইফুল ইসলামের কাছ থেকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, মুক্তা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে তিনি আত্মহত্যার কারণ জানাতে পারেননি।জানতে চাইলে উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।