
বিপণিবিতানগুলোর সামনে দাঁড়ালেই ছোট-বড় ব্যানার চোখে পড়ে। ব্যানারে লেখা ‘ক্যাশব্যাক টুয়েলভ পারসেন্ট’, ‘ডিসকাউন্ট টেন পারসেন্ট’, ‘২০% মূল্য ছাড়’। ব্যানার দেখে অনেকেই ঢুঁ মারেন এসব বিপণিবিতানে। ঈদ উপলক্ষে উত্তরার বিপণিবিতানগুলোতে এখন ছাড়ের ছড়াছড়ি। ক্যাশব্যাক, মূল্যছাড়ের নামে জামাকাপড়ে ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় চলছে।
উত্তরার আরএকে টাওয়ার, নর্থ টাওয়ার, রাজলক্ষ্মী কমপ্লেক্স, মাসকট প্লাজাসহ বিভিন্ন শপিং মলে ঘুরে এসব চিত্র পাওয়া গেছে। ছোট দোকান থেকে শুরু করে নামজাদা ফ্যাশন হাউস—সবখানেই চলছে কেনাকাটার উৎসব। দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতার ভিড়ে মুখর হয়ে উঠছে বিপণিবিতানগুলো। বিকেলের দিকে শপিং মলগুলোর সামনের সড়কে যানজটও হয়।
এবারের ঈদ মৌসুমে পাঞ্জাবি আর সালোয়ার-কামিজের চাহিদাই বেশি। জসীমউদ্দীন সড়কে আরএকে টাওয়ারে ওকাল্ট নামে একটি প্রতিষ্ঠান পাঞ্জাবির ওপর ২৫ শতাংশ ছাড় দিচ্ছে। এ দোকানে দেড় থেকে দুই হাজার টাকার মধ্যে পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। দোকানের ব্যবস্থাপক তৌফিকুর রহমান প্রথম আলোকে বলেন, এবারের রোজায় ছুটির দিনে দেড় শর বেশি পাঞ্জাবি বিক্রি হচ্ছে। অন্যদিন ৭০-৮০টি পাঞ্জাবি যাচ্ছে। আর একই শপিং মলের বাচ্চাদের কাপড়ের দোকান স্মার্টেক্স ১০ শতাংশ মূল্যছাড় চলছে। এ ছাড়া অ্যাকসট্যাসি, লা রিভের মতো ব্র্যান্ডের দোকানে অ্যামেক্স, ভিসা, সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের কার্ড থাকলে রয়েছে ১০-১৫ শতাংশ ক্যাশব্যাক অফার।
দেশের বৃহত্তম ফ্যাশন হাউস আড়ং এবার ঈদ উপলক্ষে ব্র্যাক ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডে মূল্য পরিশোধ করলে পণ্যের দামের ওপর সাড়ে ৭ শতাংশ ছাড় দিচ্ছে। ৩ নম্বর সেক্টরের এ ফ্যাশন হাউসের বিক্রয়কেন্দ্রে এবারের ঈদে ছোট-বড় পাঞ্জাবি ও সালোয়ার-কামিজ বেশি বিক্রি হচ্ছে।
খ্যাতনামা ফ্যাশন হাউস অঞ্জন’স-এ এবার কোনো ছাড় না থাকলেও রয়েছে বাহারি পাঞ্জাবি, আর মেয়েদের থ্রিপিস। ১ হাজার ৬৫০ টাকা থেকে শুরু করে ৩ হাজার ৪৫০ টাকার মধ্যে থ্রিপিস পাওয়া যাচ্ছে। এবার নিচের দিকে লম্বা ঝুলের কামিজ বেশি চলছে।
উত্তরার ৭ নম্বর সেক্টরের মাসকট প্লাজা ও নর্থ টাওয়ার মেয়েদের থ্রিপিসের জন্য জনপ্রিয়। এ দুটি শপিং মল ঘুরে দেখা গেছে, ভারতীয় থ্রিপিস ‘কিরণমালা’র চাহিদাই বেশি। ৪ থেকে ১২ হাজার টাকার ‘কিরণমালা’ই বেশি বিক্রি হচ্ছে।
যাঁরা দেশি ফ্যাশন হাউসের পোশাক পছন্দ করেন, তাঁরা ঢুঁ মারছেন ৩ নম্বর সেক্টরের লতিফ এম্পোরিয়ামের ‘স্বদেশি’ নামের বিপণিতে। এখানে দেশের খ্যাতনামা আটটি ফ্যাশন হাউস এক ছাদের নিচে পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, শাড়ির পসরা নিয়ে বসেছে। ফ্যাশন হাউসগুলো হলো শৈল্পিক, অন্যমেলা, নবরূপা, টাঙ্গাইল শাড়ি ঘর, স্টুডিও এমদাদ, স্মার্টেক্স, ব্লু আইস ও অ্যাড্রয়েট।
যাঁরা একটু কম দামে জিনস, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ কিনতে চান, তাঁরা যাচ্ছেন উত্তরার ‘বঙ্গ’ নামে পরিচিত রাজলক্ষ্মী কমপ্লেক্সের তিনতলায়। সরেজমিনে দেখা গেছে, একই ফ্লোরে চলছে জিনস, শার্ট, টি-শার্ট বিক্রি। মূলত তরুণেরাই এ বাজারের ক্রেতা। একটু দরদাম করতে পারলে এখানে বেশ কম দামেই কেনা যায়।
উত্তরার মতো অভিজাত এলাকায় নিম্নবিত্ত মানুষের জন্য রয়েছে ঈদবাজার। আজমপুর এলাকার রবীন্দ্র সরণির আধা কিলোমিটারজুড়ে ভ্যানগাড়ির ওপর বসে এ বাজার। ছোট-বড় সবার জন্য পাঞ্জাবি, শার্ট, সালোয়ার-কামিজ—সব পাওয়া যায় এখানে। তবে বাজারটি এখনো জমেনি। উত্তরার রিকশাচালক সামাদ মিয়া জানান, ঈদের আগের রাতে এখান থেকে ছেলের জন্য শার্ট কিনবেন।