উত্তরায় ছয়তলা ভবনের অবৈধ অংশ ভেঙে দিয়েছে রাজউক
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গতকাল বুধবার রাজধানীর উত্তরা আবাসিক এলাকায় ছয়তলা একটি ভবনের কিছু অবৈধ অংশ ভেঙে দিয়েছে। পুলিশের সহায়তায় ভাঙার কাজ করেন রাজউকের শ্রমিকেরা। রাজউকের অথরাইজড বিভাগ (২-এ) সূত্র জানায়, উত্তরা ৩ নম্বর সেক্টরে ৭/সি নম্বর সড়কের ১৯ নম্বর বাড়িতে ছয়তলা ভবনের প্রতি তলায় নকশার বাইরে বর্ধিত অংশ নির্মাণ করা হয়েছে। এর আগে দুই দফায় অভিযান চালানো হলেও ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান আরাফা করপোরেশন লিমিটেড এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে গতকাল বুধবার এক ও দুই তলার অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়।অথরাইজড কর্মকর্তা পারভেজ খাদেম বলেন, বাড়িতে বসবাসকারী পরিবারগুলোকে বিষয়টি বোঝানোর পর তারা অবৈধ অংশ ভাঙার বিষয়ে সহায়তা করে। পর্যায়ক্রমে বাকি তলাগুলোর অবৈধ অংশও ভেঙে দেওয়া হবে।এদিকে বাড়িটির জমির মালিক (পাঁচ কাঠা) জাহানারা আকবরের আমমোক্তার তাঁর মেয়ে শিবান আকবর অভিযোগ করেন, ২০০০ সালে উন্নয়ন কোম্পানি আরাফা করপোরেশন লিমিটেডের সঙ্গে তাঁদের যেসব চুক্তি হয়, কোম্পানিটি সেগুলোর প্রায় সব কটি শর্ত লঙ্ঘন করেছে। তারা রাজউক থেকে বিক্রয় অনুমতি না নিয়েই ফ্ল্যাট বিক্রি করেছে। তিনি আরও বলেন, এমনকি ২০০৫ সালে তাদের বিরুদ্ধে উত্তরা থানায় অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে কোম্পানিটি নাম পরিবর্তন করে নতুন নামে ব্যবসা করছে। জানা যায়, লন্ডনপ্রবাসী শিবানের বৃদ্ধ মা-বাবা ওই কোম্পানির প্রতারণার শিকার হয়ে এবং জমির দখল হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান জোড়াতালি দিয়ে রাজউকের প্রয়োজনীয় অনুমোদন এবং জমির মালিকের অনুমতি ছাড়াই ভবন নির্মাণ করেছে। এরপর তারা ফ্ল্যাট বিক্রি করে চলে গেছে। অন্যদিকে ফ্ল্যাট ক্রেতারা নিবন্ধন পাচ্ছেন না। আর বৃদ্ধ দম্পতি বছরের পর বছর মামলা লড়ে যাচ্ছেন।