উত্তরায় ঝুঁকিপূর্ণ মার্কেট উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা ১০ নম্বর সেক্টরের লেকপাড় এলাকা থেকে গতকাল ঝুঁকিপূর্ণ একটি মার্কেট উচ্ছেদ করে রাজউক l ছবি: প্রথম আলো
উত্তরা ১০ নম্বর সেক্টরের লেকপাড় এলাকা থেকে গতকাল ঝুঁকিপূর্ণ একটি মার্কেট উচ্ছেদ করে রাজউক l ছবি: প্রথম আলো

উত্তরায় ১০ নম্বর সেক্টরের লেকপাড় (আবদুল্লাহপুর খাল) এলাকা থেকে একটি ঝুঁকিপূর্ণ মার্কেট উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
রাজউক সূত্র জানায়, প্রায় ছয় মাস আগে মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করে রাজউক একটি চিঠি পাঠায়। কিন্তু তাঁরা সেটি আমলে নেননি। মার্কেটটি রাজউকের নকশা ছাড়াই নির্মাণ করা হয়েছে। ভবনটিতে নির্মাণ ত্রুটি থাকায় এটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া উচ্ছেদ করা মার্কেটের মূল ভবনের একাংশ লেকের (খাল) জায়গার ওপর গড়ে উঠেছে।
অভিযানে ১০ নম্বর সেক্টর লেকপাড় এলাকার নতুন সেতুসংলগ্ন সরকার সুপার মার্কেটের (কাঁচাবাজার) একাংশ উচ্ছেদ করা হয়। এ সময় মার্কেট কর্তৃপক্ষ নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেবেন বলেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তার কাছে প্রতিশ্রুতি দেন। পরে বাকি অংশ উচ্ছেদ করার জন্য মার্কেট কর্তৃপক্ষকে ১৫ দিন সময় বেঁধে দেন দায়িত্বরত কর্মকর্তা। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনা করে ওই কর্মকর্তা এ সিদ্ধান্ত দেন বলে জানান।
অভিযানে সহযোগিতা করেন ১২ জন পুলিশ সদস্য। অভিযান চলে বেলা আড়াইটা পর্যন্ত। উল্লিখিত এলাকাটি রাজউকের ২ নম্বর অঞ্চলভুক্ত। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নিয়মিত উচ্ছেদ অভিযান চলবে। উত্তরার বিভিন্ন জায়গায় অনেক ঝুঁকিপূর্ণ ও রাজউকের নকশাবহির্ভূত ভবন রয়েছে। প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী একের পর এক এগুলো উচ্ছেদ করা হবে।