উত্তরায় দুটি হাসপাতালকে জরিমানা
রোগ নির্ণয় পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ব্যবহার, হাসপাতালে অনুমোদনহীন রোগ নির্ণয় কেন্দ্র ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পরিচালনার দায়ে গতকাল সোমবার রাজধানীর উত্তরার দুটি হাসপাতালকে সাত লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা-১১ নম্বর সেক্টরের গরিবে নেওয়াজ অ্যাভিনিউয়ে শিন-শিন জাপান হাসপাতালে গিয়ে দেখা যায়, তারা রোগ নির্ণয়ের পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ব্যবহার করছে। অনেকগুলো রাসায়নিকের মেয়াদের তারিখে ঘষামাজা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ব্যবহারের অভিযোগে তাদের চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে একই সড়কের কেয়ার জোন হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালটির রোগ নির্ণয় কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার), এক্স-রে ও আইসিইউ-এর কোনো অনুমোদন নেই। অনুমোদন ছাড়া এসব পরিচালনা করায় তাদের তিন লাখ টাকা জরিমানা করা হয়।