উত্তরায় নিরাপত্তাকর্মী হত্যাকাণ্ডের ঘটনায় একজন গ্রেপ্তার
উত্তরায় নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে আলাউদ্দিন নামের এক সন্দেহভাজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ড উদ্ঘাটনে তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।জাহাঙ্গীর আলম যে ভবনের নিরাপত্তাকর্মী, ওই ভবনের মালিক কবির হোসেন বাদী হয়ে গত বৃহস্পতিবার তাঁর পঞ্চম তলার ভাড়াটে নাদিমসহ অজ্ঞাতপরিচয় লোকজনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ নাদিম ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে চেষ্টা করছে।ওসি জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, ডাকাতির উদ্দেশে নাদিম তাঁর স্ত্রীকে নিয়ে থাকার কথা বলে কবির হোসেনের ৯ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের ৯ নম্বরের বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। কিন্তু নাদিম তাঁর স্ত্রীকে ওই বাসায় তোলেননি। কবির হোসেনের মালিকানায় নিরাপদ রিয়েল এস্টেটের কার্যালয় ওই ভবনে। রিয়েল এস্টেটের টাকা ও ল্যাপটপ লুট করতে বাধা দেওয়ায় নাদিম ও তাঁর সহযোগীরা এই হত্যাকাণ্ড ঘটায়।গত বৃহস্পতিবার সকালে সহকর্মীরা পাঁচতলা ওই বাড়ির একটি ফ্ল্যাট থেকে হাত-পা বাঁধা মুখে স্কচটেপ লাগানো ও অচেতন অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, জাহাঙ্গীরকে মৃত অবস্থায় আনা হয়েছে।