উত্তরায় পুলিশের গুলিতে যুবক আহত
রাজধানীর উত্তরায় গতকাল মঙ্গলবার ভোরে পুুলিশের গুলিতে আশিস বাড়ৈ (২৮) নামের একজন যুবক আহত হয়েছেন। পুলিশ পাহারায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আশিস আহত হন। কিন্তু আশিস বলেছেন, পুলিশ তাঁর পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করেছে। তিনি পুলিশকে গুলি করেননি। উত্তরা থানার পুলিশ জানায়, গতকাল ভোর পাঁচটার দিকে সাদা রঙের একটি প্রাইভেট কারে চারজন ছিনতাইকারী উত্তরার ৩ নম্বর সেক্টরে মোহাম্মদ শাহজাহান নামের এক ব্যক্তির গতিরোধ করে তাঁর মুঠোফোন ছিনতাই করে। ওই ব্যক্তির চিৎকার শুনে টহল পুলিশ এগিয়ে গেলে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ছিনতাইকারী আশিস আহত হন। একপর্যায়ে ধাওয়া করে পুলিশ জসীমউদ্দীন রোড থেকে আশিসের সহযোগী বিল্লাল হোসেন (৪৫) ও হাসানকে (২০) গ্রেপ্তার করে। আহত ছিনতাইকারী আশিসকে গ্রেপ্তার করে হাসপাতালে পাঠানো হয়। অপর এক সহযোগী পালিয়ে যায়। হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন আশিস দাবি করেন, তিনি ছিনতাইকারী নন, প্রাইভেট কারের চালক। গতকাল ভোরে গাজীপুরের জয়দেবপুর থেকে যাত্রী নিয়ে উত্তরার আবদুল্লাহপুরে যাত্রী নামান। এরপর দুজন যুবক আজমপুরে যাওয়ার জন্য তাঁর গাড়িতে ওঠে। উত্তরার ৩ নম্বর সেক্টরে পুলিশ তাঁর গাড়ি থামানোর সংকেত দিলে গাড়িতে ওঠা দুই যাত্রী তাঁকে বলেন, ‘আমাদের কাছে অবৈধ মালপত্র আছে, গাড়ি চালিয়ে যান।’ এরপর তিনি গাড়ি থামাননি। একপর্যায়ে জসীমউদ্দীন রোডে পুলিশ চারদিক দিয়ে তাঁর গাড়িটি ঘিরে ফেলে। এরপর পুলিশ তাঁকে গাড়ি থেকে বের করে পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করে। কিন্তু পুলিশকে কেউ গুলি করেনি। উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান খন্দকার বলেন, পুলিশ গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের কাছ থেকে তিনটি গুলি, একটি চাকু ও একটি শাবল উদ্ধার করেছে। ছিনতাইয়ে ব্যবহার করা প্রাইভেট কারটিও আটক করা হয়েছে। এ ব্যাপারে ছিনতাইকারীর কবলে পড়া ব্যক্তি বাদী হয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাইয়ের এবং পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে।