উত্তরায় বাপাউবোর বাঁধের দুপাশে উচ্ছেদ-কার্যক্রম শুরু
রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে কামারপাড়া পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু হচ্ছে।
ঢাকা জেলা প্রশাসনের নির্দেশে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রায় তিন কিলোমিটার এলাকায় ওই উচ্ছেদ-কার্যক্রম শুরু হয়।
বাপাউবো ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই অভিযানে সহযোগিতা দিচ্ছে। অভিযান পরিচালনা করছেন ডিএমপির নির্বাহী হাকিম মশিউর রহমান।
অভিযানের অংশ হিসেবে প্রাথমিকভাবে নিজ উদ্যোগে স্থায়ী-অস্থায়ী সব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের এক ঘণ্টা সময় দেওয়া হয়। এর পরও কেউ তাঁদের স্থাপনা সরিয়ে না নিলে তা উচ্ছেদ ও জব্দ করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
উচ্ছেদ-কার্যক্রমে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ওই তিন কিলোমিটার এলাকায় থাকা প্রায় এক হাজার স্থায়ী-অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এর মধ্যে আছে—খাবার হোটেল, চায়ের দোকান, মোটর গ্যারেজ, নির্মাণসামগ্রীর আড়ত, ছোটখাটো বাস-ট্রাক ও লেগুনার স্ট্যান্ড। কিছু ঘরবাড়িও সেখানে আছে।
নির্বাহী হাকিম মশিউর রহমান বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলকারীদের বেশ কয়েক বার লিখিত নোটিশ দেওয়া হয়েছে। মাইকিং করা হয়েছে। কিন্তু দখলদারেরা তা আমলে নেয়নি। তাই এলাকাটি দখলমুক্ত করতে আজ অভিযান চালানো হচ্ছে। সম্পূর্ণভাবে দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।