উত্তরায় ভাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে মাকসুদুর রহমান কেনেডি (৩৮) নামের এক যুবক তাঁর বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন। মাকসুদুর পেশায় দর্জি ছিলেন। পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাকসুদুরের সাত ভাই-বোনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, মাকসুদুর রহমান ভাইবোন মিলে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৩৬ নম্বর সড়কের ৮ নম্বরে ছয় কাঠার প্লটে থাকতেন। শুক্রবার রাত ১১টার দিকে জমিজমার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে মাকসুদুরের সঙ্গে তাঁর ভাই মোস্তাফিজুর রহমানের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মোস্তাফিজুর ও তাঁর স্ত্রী মিলে লাথি, কিল ও ঘুষি মেরে মাকসুদুরকে অচেতন করে ফেলেন। উত্তরার একটি হাসপাতালে ভর্তি করার পর মাকসুদুর মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী লায়লা বেগম সাতজনকে আসামি করে উত্তরা থানায় হত্যা মামলা করেন। গতকাল উত্তরা থানার পুলিশ অভিযান চালিয়ে ওই বাসা থেকে এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন মাকসুদুরের ভাই মোস্তাফিজুর রহমান, তাঁর স্ত্রী জামিলা খাতুন, বোন সালমা সিদ্দিক, ভাই রাহাতান, জামিলা খাতুনের ছেলে আবদুল্লাহ, চাঁদনি ও মরিয়ম রশীদ। এজাহারভুক্ত অন্য আসামিরা পলাতক। নিহত ব্যক্তির ভগ্নিপতি নাইম আহমেদ জানান, ১০-১২ বছর ধরে জমিজমা নিয়ে ভাইবোনদের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি তা মীমাংসাও হয়।উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, ছয় কাঠার প্লটের এই জমি নিয়ে ১৯৯৩ সাল থেকে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে একে অপরের বিরুদ্ধে মামলা ও সাধারণ ডায়েরিও করে। চাঁদাবাজদের হাতে আহত ৩: কাফরুল থানার সেনপাড়া পর্বতায় গতকাল শনিবার সন্ত্রাসীদের গুলি ও চাপাতির কোপে তিনজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল সাতটার দিকে চারজন সন্ত্রাসী ৪১৮/১ সেনপাড়া পর্বতায় একটি নির্মাণাধীন বাড়িতে গিয়ে ভবনের মালিককে খোঁজ করতে থাকে। তাঁকে না পেয়ে সন্ত্রাসীরা ভবনটির নিরাপত্তাকর্মী আবদুল ওহাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে তাঁর ডান পায়ে গুলি লাগে। এ ঘটনার আধা ঘণ্টা পর সকাল সাড়ে সাতটার দিকে একই সন্ত্রাসীরা ৪৫৬ সেনপাড়া পর্বতায় নির্মাণাধীন ভবনে দাবি করা চাঁদার টাকা আনতে যায়। টাকা না পেয়ে সন্ত্রাসীরা নিরাপত্তাকর্মী উজ্জ্বলের ডান পায়ে গুলি করে এবং আঞ্জু মিয়ার পিঠে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।