উত্তরায় রাজউকের উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার ১ নম্বর সেক্টর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে প্রায় ৩০টি ভবনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
রাজউক সূত্রে জানা যায়, এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো একই এলাকায় উচ্ছেদ কার্যক্রম চালানো হলো। গত সপ্তাহে উচ্ছেদ করা ১৮টি ভবনসহ নতুন ১২টি ভবনে এ উচ্ছেদ চলে। এ ছাড়া কয়েকজন ভবনমালিককে নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হয়।
নকশা অনুযায়ী মূল ভবনে অনুমোদিত পার্কিংয়ের জায়গা খালি করতে এ অভিযান চালানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, রাজউকের নকশা না মেনে এসব ভবনে পার্কিংয়ের স্থানে অবৈধ বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠেছে। ফলে কার পার্কিংয়ের জায়গা কমে গেছে। নির্দিষ্ট স্থানে কার পার্কিং না করে রাস্তায় পার্কিং করায় বাড়ছে যানজট। অতিরিক্ত এ যানজট কমাতেই পার্কিংয়ের জায়গা খালি করার উদ্যোগ নিয়েছে রাজউক।
অভিযান চলে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। এ সময় কয়েকজন বাড়ির মালিককে তাৎক্ষণিকভাবে অবৈধ স্থাপনা তুলে নিতে বলা হয়। অধিকাংশ বাড়ির মালিকই রাজউকের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে পার্কিং খালি করে দিতে সম্মত হয়েছেন। নির্দেশনা পাওয়ার পরও পার্কিং খালি না করায় তিনজন বাড়ির মালিককে দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ১ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডে অবস্থিত স্কলাস্টিকা স্কুল কর্তৃপক্ষকে পার্কিংয়ের জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, কাজটি করতে স্কুল কর্তৃপক্ষ ২৯ নভেম্বর পর্যন্ত সময় নিয়েছে। এ সময় একটি বেসরকারি ব্যাংককেও পার্কিংয়ের জায়গা উন্মুক্ত করার নির্দেশ দেন ওই কর্মকর্তা।
উচ্ছেদের আওতায় ছিল পার্কিংয়ের জায়গার গড়ে ওঠা অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ভবনের বাড়তি অংশ। এলাকাটি রাজউকের ২ নম্বর অঞ্চলের মধ্যে আছে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘লোকজন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাখে। তাদের অভিযোগ, পর্যাপ্ত পার্কিং সুবিধা নেই। পার্কিংয়ের জায়গায় অবৈধ স্থাপনা থাকলে এমন তো হবেই। অতিরিক্ত যানজট লাগবে। মানুষের ভোগান্তি বাড়বে। তাই আমরা বাণিজ্যিক ও আবাসিক ভবনে পার্কিংয়ের জায়গায় গড়ে ওঠা নকশাবহির্ভূত স্থাপনাগুলো উচ্ছেদ করছি। নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম চলবে।’