উত্তরায় লেকের পাড়ে কল্যাণ সমিতির স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা লেকের পাড়ে হাঁটার রাস্তা ঘেঁষে একটি স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদনের নামে কল্যাণ সমিতির সভাপতি একক সিদ্ধান্তে স্থাপনাটি নির্মাণ করছেন।গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের আল-মাগফেরাহ মসজিদের কাছে লেকের পাড়ে হাঁটার রাস্তার (ওয়াকওয়ে) পাশে যেটুকু বাড়তি জায়গা থাকে, তার একাংশে বাঁশ পুঁতে ও নাইলনের দড়ি দিয়ে নির্মাণক্ষেত্রটি চিহ্নিত করা হয়েছে।এরই মধ্যে স্থাপনাটির চারটি ভিত্তিস্তম্ভের ঢালাই হয়ে গেছে। এর একটি স্তম্ভ লেকের হাঁটার রাস্তা ঘেঁষে উঠেছে। নির্মাণক্ষেত্রের মধ্যে দুটি উঁচু স্তম্ভের ওপর একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার। নিচ দিয়ে একটি পানিনিষ্কাশনের বড় পাইপ লেকের মাঝে গিয়ে পড়েছে।স্তম্ভ নির্মাণের জন্য গর্ত খুঁড়ে যে মাটি তোলা হয়েছিল, তা লেকের মধ্যে ফেলা হয়েছে। নির্মাণক্ষেত্রের সামনে একটি সাইনবোর্ডে লেখা ‘রাজউক কর্তৃক বরাদ্দকৃত উত্তরা সেক্টর-৩ কল্যাণ সমিতি অফিসঘরের স্থান’।স্থানীয় লোকজন জানান, ১৫-২০ দিন আগে নির্মাণক্ষেত্রের গাছগুলো কেটে নির্মাণকাজ শুরু করা হয়েছে। লেকের পাড়ে ওই গাছ এলাকাবাসী নিজেদের উদ্যোগে লাগিয়েছিল। স্থাপনাটির একটি স্তম্ভ এমনভাবে পানিনিষ্কাশন পাইপের পাশে পড়েছে যে নির্মাণ শেষ হলে পাইপের মুখ বন্ধ হয়ে যেতে পারে। তখন এলাকায় পানিনিষ্কাশনের ব্যবস্থা থাকবে না। এ ছাড়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের গা ঘেঁষে স্থাপনাটি নির্মিত হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সর্বোপরি, প্রতিদিন সন্ধ্যায় এলাকাবাসী লেকের ওই অংশে সান্ধ্যভ্রমণে আসে। স্থাপনাটি নির্মিত হলে তাদের আর সে সুযোগ থাকবে না।ওই এলাকার বাসিন্দা এক প্রকৌশলী প্রথম আলোকে জানান, কল্যাণ সমিতির সভাপতি অস্থায়ী স্থাপনা তৈরির জন্য যে ভিত্তিস্তম্ভ তৈরি করেছেন, তার ওপর চারতলা ভবন নির্মাণ সম্ভব।এলাকাবাসী ১৯ অক্টোবর কল্যাণ সমিতির কার্যালয়ের জন্য লেকের পাড়ে দেওয়া জায়গার বরাদ্দ বাতিলের দাবিতে রাজউকের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করে। রাজউক ছাড়াও পরিবেশ অধিদপ্তর ও ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতিকেও লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। তবে এখনো কেউ তা আমলে নেয়নি।এলাকার বাসিন্দা এইচ এ এম কামরুজ্জামান প্রথম আলোকে জানান, যে এলাকাবাসীর প্রয়োজনে কল্যাণ সমিতি করা হয়েছে, তারা সবাই লেক ধ্বংস করে ওই স্থাপনা তৈরির বিরুদ্ধে। এ ছাড়া ৩ নম্বর সেক্টরের খেলার মাঠের পাশে কল্যাণ সমিতির একটি অস্থায়ী কার্যালয় আছে। সুতরাং আরেকটি অস্থায়ী কার্যালয়ের কোনো দরকার নেই।কল্যাণ সমিতির সভাপতি আবদুল লতিফ প্রথম আলোকে জানান, রাজউকের নির্দেশনা অনুসারে ছাদ ঢালাই দেওয়া হচ্ছে না। স্থাপনাটি তৈরি হলে ট্রান্সফরমারটি তিন ফুট ওপরে থাকবে বলে আগুন ধরার কোনো আশঙ্কা নেই। স্থাপনাটি নির্মাণে এলাকাবাসীর মত নেই উল্লেখ করা হলে তিনি বলেন, ‘এখানে স্থাপনা নির্মাণে আমার ব্যক্তিগত কোনো লাভ নেই। এলাকাবাসীর উপকারের জন্যই এ কার্যালয় তৈরি করা হচ্ছে।’জানতে চাইলে রাজউকের উত্তরা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুসা গতকাল মুঠোফোনে প্রথম আলোকে জানান, লেকের পাড়ে ওই জায়গায় ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির কার্যালয়ের জন্য অস্থায়ী ভিত্তিতে একটি টিনশেড ঘর তোলার অনুমোদন দেওয়া হয়েছে; স্থায়ী কোনো স্থাপনা তৈরির জন্য বরাদ্দ দেওয়া হয়নি।মাটি ফেলে লেক ভরাট, বিদ্যুতের লাইন থেকে দুর্ঘটনার ঝুঁকি, পানিনিষ্কাশনে সমস্যা প্রভৃতি বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ মুসা জানান, রাজউকের লোক শিগগির ওই এলাকা পরিদর্শন করবে। যদি সেখানে কোনো ঝুঁকি থাকে, তবে চেয়ারম্যানকে (রাজউকের চেয়ারম্যান) বলে বরাদ্দ বাতিল করা হবে।