আবাসিক এলাকা হলেও উত্তরায় উত্তর সিটি করপোরেশনের কোনো স্থায়ী কাঁচাবাজার নেই। ফলে বিভিন্ন সেক্টরে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, ভাসমান কাঁচাবাজার।
শহর থেকে একটু দূরে নিরিবিলি পরিবেশে জীবনযাপনের জন্য উত্তরা মডেল টাউন (উপশহর) গড়ে তোলার পরিকল্পনা করা হয় ১৯৭০-এর দশকে। কমপক্ষে ১০ লাখ মানুষ সব রকম নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন—এমন পরিকল্পনা করেই উত্তরায় ১৪টি সেক্টর নির্মাণ করা হয়। সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনে উত্তরা এলাকায় ভোটার ছিলেন ৬৩ হাজারের বেশি। উত্তরায় বসবাস করেন কয়েক লাখ মানুষ। উত্তরা তৃতীয় পর্বের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। তা সম্পূর্ণ হলে অদূর ভবিষ্যতে উত্তরা এবং এর আশপাশের এলাকায় মানুষের বসতি আরও বাড়বে।
স্থায়ী কাঁচাবাজার না থাকায় উত্তরার বিভিন্ন সেক্টরের অলিগলিতে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। কোথাও বসেছে ভাসমান কাঁচাবাজার। গলির মুখে পসরা সাজিয়ে বসছে ভাসমান দোকানিরা। ফুটপাত দখল করে দোকান বসানোয় পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে।
উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসিন্দা জাকারিয়া রহমান বলেন, উত্তরার মতো একটি আবাসিক এলাকায় সিটি করপোরেশনের কাঁচাবাজার না থাকা দুঃখজনক। মডেল টাউনে বাস করেও বাজার-সদাই করতে হয় ফুটপাত থেকে।
গত ৭ আগস্ট মেয়র আনিসুল হকের সঙ্গে উত্তরার বিভিন্ন সেক্টরের কল্যাণ সমিতির নেতা ও ভবনমালিকদের এক মতবিনিময় সভা হয়। সভায় সমিতির নেতারা উত্তরা এলাকায় সিটি করপোরেশনের একটি স্থায়ী কাঁচাবাজারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
উত্তরা ১০ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম গতকাল বুধবার বলেন, উত্তরায় অবশ্যই বাজার থাকা উচিত ছিল। সেক্টরগুলোতে ভ্রাম্যমাণ দোকান ও ফুটপাত দখলের অন্যতম কারণ স্থায়ী বাজার না থাকা। এসব অবৈধ দোকানের কারণে সেক্টরগুলোর পরিবেশও ঠিক রাখা যাচ্ছে না।
গত ২৪ আগস্ট নগরীতে সেবাদানকারী ২৬টি সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক আন্তবিভাগীয় সমন্বয় সভা হয়। এই সভায় উত্তরায় কাঁচাবাজার স্থাপন নিয়ে আলোচনা হয়। সভায় ডিএনসিসির কর্মকর্তারা বলেন, উত্তরা ৬ নম্বর সেক্টরে একটি কাঁচাবাজার আছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বসানো বাজারটি ‘বিডিআর বাজার’ নামে পরিচিত। সভায় রাজউকের প্রতিনিধি বলেন, উত্তরা ৬ নম্বর সেক্টরের যে জায়গায় কাঁচাবাজার, সেটি রাজউকের একটি কমার্শিয়াল প্লট। তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্লটটিতে তৎকালীন বাংলাদেশ রাইফেলসের নামে একটি বাজার খোলা হয়। পরে সেখানকার ব্যবসায়ীরা মামলা-মোকদ্দমা করায় এখনো প্লটটি রাজউক বুঝে নিতে পারেনি। তবে প্লটটি রাজউকের দখলে নেওয়ার কার্যক্রম চলমান আছে। এই প্লটে রাজউকের বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা আছে।
এ বিষয়ে রাজউকের উপপরিচালক বাবুল মিয়া গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, এখন যে প্লটটিতে বাজার আছে, সেটি রাজউকের বাণিজ্যিক প্লট। মামলা থাকায় প্লটটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না। কিছুদিন আগে মামলার রায় রাজউকের পক্ষে এসেছে। এই প্লটের বিষয়ে আর কোনো আইনি সমস্যা আছে কি না, রাজউকের আইন বিভাগ তা দেখছে।
ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা এম এম মহিউদ্দিন কবীর প্রথম আলোকে বলেন, উত্তরা এলাকায় একটি কাঁচাবাজার করার পরিকল্পনা দীর্ঘদিনের। কাঁচাবাজারের জমির বিষয়ে রাজউকের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। রাজউক জমি দিলেই সেখানে কাঁচাবাজার করা হবে।