উত্তরায় স্থাপনা, বনশ্রীতে র্যাম্প উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক এলাকায় অননুমোদিত বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে উত্তরায় দ্বিতীয় দিনের অভিযানে পাঁচটি রেস্তোরাঁ, একটি করে বিউটি পারলার ও বায়িং হাউসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর গ্যাস-বিদ্যুৎ ও পানির সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার ৪ নম্বর সেক্টরের ৬ ও ১৩ নম্বর সড়কে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন। রাজউকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বনশ্রী আবাসিক এলাকার বি ও সি ব্লকে পরিচালিত অপর এক অভিযানে ২০টি ভবনের সামনে ফুটপাত দখল করে গড়ে ওঠা র‌্যাম্প (গাড়ি ওঠা-নামার পথ) অপসারণের পাশাপাশি একটি সুপার শপকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। ভবনের নিচে গাড়ি রাখার জায়গায় ওই সুপার শপ কর্তৃপক্ষ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছিল বলে অভিযোগ রয়েছে। এই অভিযানটি পরিচালিত হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিনের নেতৃত্বে। বিজ্ঞপ্তি।