উত্তরায় স্বপ্নের প্লট হস্তান্তর শুরু
উত্তরা দিয়াবাড়ী মৌজার কিছু জমির মালিক ছিলেন আবদুল খালেক। উত্তরা তৃতীয় পর্বের প্রকল্পের জন্য ১৯৯৫ সালে তাঁর জমি অধিগ্রহণ করা হয়। ‘ক্ষতিগ্রস্ত’ কোটায় গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে যখন উত্তরা ১৫-জি নম্বর সেক্টরের সি-এ সড়কের ১৬ নম্বরে একটি তিন কাঠার প্লট বুঝিয়ে দেওয়া হচ্ছিল, তখন তাঁর মুখে ফুটে ওঠে নির্মল হাসি। প্রথম আলোর প্রতিবেদকের প্রশ্নের জবাবে আবদুল খালেক বলেন, জমির জন্য তিনি ক্ষতিপূরণ পেয়েছিলেন। প্লট পাওয়ায় তিনি খুব খুশি। এক যুগেরও বেশি সময় অপেক্ষা করে অবশেষে আবদুল খালেকের মতো আরও আট হাজার ১১৪ জন বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। এর আগে প্লট হস্তান্তর উপলক্ষে ১৫ নম্বর সেক্টরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেন, ‘সমালোচকেরা বলেন রাজউক এ জীবনে প্লট বুঝিয়ে দিতে পারবে না। আজ তা মিথ্যা বলে প্রমাণিত হলো।’প্রতিমন্ত্রী বলেন, ‘উত্তরা, পূর্বাচল, ঝিলমিলে প্লট ছাড়াও তিনটি প্রকল্পে মোট ৫২ হাজার ফ্ল্যাট ২০১৩ সালের মধ্যে নির্মাণ করা হবে। ঢাকা মহানগরের সম্প্রসারিত প্রকল্প বা ড্যাপ বাস্তবায়ন করতে হবে চ্যালেঞ্জ নিয়ে। জনগণকে সমস্যায় ফেলে যত্রতত্র আবাসন প্রকল্প করতে দেওয়া হবে না।’ অনুষ্ঠানস্থল থেকে গতকাল দুজন বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিকে প্লট বুঝিয়ে দেন রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা এবং পূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জিল্লুর হোসেন। গণপূর্তসচিব খন্দকার শওকত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।