উত্তরায় হকার খুনের ঘটনায় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় এক হকারকে পিটিয়ে হত্যা করার ঘটনায় গতকাল বৃহস্পতিবার তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে। পুলিশ জানায়, গত বুধবার রাজধানীর উত্তরা সাত নম্বর সেক্টরের বিডিআর মার্কেটের পেছনে কয়েকজন যুবক হকার সেলিমকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে চলে যায়। রাত ১১টার দিকে স্থানীয় ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার ভোররাতে সেলিমের বাবা আমিরুল ইসলাম বাদী হয়ে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এরপর গতকাল ভোরে টঙ্গী থেকে এজাহারভুক্ত হেলাল উদ্দিন (২৭), ইসমাইল হোসেন (২০) ও জসীম উদ্দীনকে (২৬) গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, হাউস বিল্ডিংয়ের সামনের ফুটপাত দখলে নিতে ওই উচ্ছৃঙ্খল যুবকেরা সেলিমকে খুন করেছে। উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান প্রথম আলোকে জানান, সেলিম দীর্ঘ দুই বছর ধরে উত্তরা হাউস বিল্ডিংয়ের সামনের ফুটপাতে কাপড়ের ব্যবসা করে আসছিলেন। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ওই স্থানের সব ভাসমান দোকানপাট উঠিয়ে দেওয়া হয়। এই সুযোগে এলাকার কয়েকজন যুবক সেলিম যে স্থানে বসতেন, সেটি দখলে নেওয়ার চেষ্টা চালায়। এতে সেলিম বাধা দেওয়ায় খুন হন। ওসি আরও জানান, হত্যায় জড়িত অন্য ব্যক্তিরা উত্তরা এলাকায় আধিপত্য বিস্তার করতে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একজন হকার এ প্রতিবেদকের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তিনি অভিযোগ করেন, হেলাল, নাইম, ফরহাদ ও ইসমাইল নামের স্থানীয় চারজন যুবক সেলিমকে হত্যা করেছে। স্থানীয় এক নেতার আশ্রয়ে তাঁরা এ ধরনের অপরাধমূলক কাজ করছে বলে তিনি অভিযোগ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আসা সেলিমের স্ত্রী আম্বিয়া এ প্রতিবেদককে জানান, ঘটনার আগের রাত ১১টার দিকে এক ব্যক্তি তাঁর স্বামীকে ফোন করে একটি বৈঠকে যেতে বলেন। না গেলে ‘বস’ তাঁকে ব্যবসা করতে দেবেন না বলেও হুমকি দেওয়া হয়। সেলিমের বাবা আমিরুল ইসলাম ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।