উত্তরায় হিজড়া গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা ৭ নম্বর সেক্টরে টাকা আদায়ের সময় গতকাল মঙ্গলবার সকালে এক হিজড়া গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জন্য হিজড়াদেরই আরেকটি দলকে দায়ী করেছেন আহত হিজড়ার সঙ্গীরা। পুলিশ এ ঘটনায় উত্তরা থেকে দুজনকে আটক করেছে।
আহত সেঁজুতি ওরফে মানিককে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন হিজড়া সেঁজুতিকে হাসপাতালে নিয়ে আসেন। তাঁর পিঠ ও পেটে গুলি লেগেছে।
হাসপাতালে সেঁজুতির সঙ্গে আসা রিনা নামের হিজড়া বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে আমরা উত্তরা ৭ নম্বর সেক্টরে রাজউক মার্কেটের কাছে টাকা কালেকশন করছিলাম। এ সময় হঠাৎ করে সীমা, কচি, স্বপ্নাসহ কয়েকজন হিজড়া দুটো মোটরসাইকেলে করে এসে গুলি করে চলে যান।’ রিনার আরেক সঙ্গী মাসুমা বলেন, ‘স্বপ্না ওরফে খায়রুল পুরুষ হলেও নিজেকে হিজড়া সাজিয়ে দলবল নিয়ে বিভিন্ন অপরাধ ঘটিয়ে আসছে। সে গুলশান-বনানী এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের কাজে বাধা দেওয়ায় এবং অন্যায়ের প্রতিবাদ করায় এই হামলা হলো।’