২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার পদে নিয়োগপ্রত্যাশীরা আগামী ১ ডিসেম্বর থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুনীর চৌধুরী সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ ঘোষণা দেন। চলতি মাসের মধ্যে তাঁদের নিয়োগ দিতে সরকারের কাছে পুনরায় দাবি জানান।সংবাদ সম্মেলনে নিয়োগপ্রত্যাশীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. আসাদুজ্জামান। তাঁরা দাবি করেন, সংস্থাপন মন্ত্রণালয়ের তথ্যমতে বিভিন্ন মন্ত্রণালয়ে নন-ক্যাডার পদে অনেক পদ খালি আছে। কিন্তু অনেক মন্ত্রণালয় পিএসসিকে চাহিদাপত্র দিচ্ছে না। ফলে তাঁরা চাকরি পাচ্ছেন না। এ ছাড়া ২৯তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলে ২৮তম বিসিএসের দুই হাজার ৭০০ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে বলে আশঙ্কা প্রকাশ করে বলেন, এ রকম অবস্থা হলে তাঁরা বঞ্চিত হবেন।সম্মেলনে আরও বলা হয়, চলতি মাসের মধ্যে নিয়োগ-প্রক্রিয়ার কাজ শেষ না করলে ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচিতে যাবেন তাঁরা। সংবাদ সম্মেলনে অর্ধশতাধিক নিয়োগপ্রত্যাশী অংশ নেন।