উত্তোলন শেষে তীর ঘেঁষেই ফেলা হচ্ছে বুড়িগঙ্গার বর্জ্য
বুড়িগঙ্গার বর্জ্য উত্তোলন করে সেই বর্জ্য ফের বুড়িগঙ্গার তীর ঘেঁষেই ফেলা হচ্ছে। নদীর তীরজুড়ে এসব বর্জ্য রাখায় বৃষ্টির পানিতে সেগুলো নদীতে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। কয়েকটি গৃহনির্মাণ প্রতিষ্ঠানের (ডেভেলপার) ইচ্ছা অনুযায়ী বাড়ি তৈরির জন্য রাজধানীর ঝাউচর এলাকায় এসব বর্জ্য ফেলা হচ্ছে। কঠিন বর্জ্য নদীতে ফেলার হার কিছুটা কমলেও বিষাক্ত তরল বর্জ্য ফেলা বন্ধ হয়নি। রাসায়নিক পদার্থ মিশ্রিত তরল বর্জ্য নদীতে ফেলা বন্ধ না হলে পানিদূষণ কখনোই কমবে না। গতকাল বৃহস্পতিবার পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) উদ্যোগে ‘বুড়িগঙ্গার বর্জ্য উত্তোলন কার্যক্রম’ পরিদর্শন অনুষ্ঠানে সংগঠনের নেতারা এসব অভিমত দেন। পবার এই পরিদর্শন দল ২৫ ফেব্রুয়ারি বুয়েটের উপাচার্যের কার্যালয়ে বুড়িগঙ্গার বর্জ্য উত্তোলন কার্যক্রমের ওপর সুপারিশমালা প্রণয়ন করবে। নদীবিষয়ক কমিটির সদস্য অধ্যাপক আফসারুল করীম জানান, একদিকে বুড়িগঙ্গার তলদেশ পরিচ্ছন্ন অভিযান চলছে, অন্যদিকে নদীর দুই পাশ থেকে নদীতে ময়লা ফেলা হচ্ছে। বর্জ্য তোলার ক্ষেত্রে যতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই তুলনায় বর্জ্য ফেলার ব্যাপারে কোনো তোড়জোড় নেই। তিনি বলেন, দ্রুত বিষাক্ত বর্জ্য ফেলা বন্ধ না হলে এই নদী উদ্ধারের অভিযান ব্যর্থ হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য এ এম এম সফিউল্লাহ বলেন, এ অভিযান সফল করতে যেসব সমস্যা সামনে আসছে তা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে সঠিক সমাধান প্রয়োজন। দরকার নদীর সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়। পরিদর্শক দলে অন্যদের মধ্যে ছিলেন কেমিক্যাল সোসাইটির সভাপতি ও ঢাবির সেন্টার ফর এক্সিলেন্সের পরিচালক মহিবুর রহমান, ঢাবির জীববিজ্ঞান অনুষদের ডিন ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবুল বাসার, ঢাকা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার প্রধান কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা ও পবার চেয়ারম্যান আবু নাসের খান।