উত্ত্যক্তের শিকার ছাত্রীর আত্মহত্যা!
রাজধানীর খিলগাঁও থানা এলাকায় গতকাল শনিবার রাতে উম্মে কুলসুম ওরফে ঋতু (১৫) নামের এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
ওই ছাত্রীর পরিবার ও শিক্ষকদের অভিযোগ, স্থানীয় এক বখাটের উত্ত্যক্তকরণ ও শ্লীলতাহানির চেষ্টা সইতে না পেরে সে আত্মহত্যা করেছে।
খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার এক বাসায় পরিবারের সঙ্গে থাকত উম্মে কুলসুম। স্থানীয় ইস্ট পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে পড়ত সে। তিন ভাইবোনের মধ্যে সে বড়। তার বাবা মো. আশিক ও মা সাথী আক্তার ডেমরায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। উম্মে কুলসুমের নানি ফাতেমা বেগমও তাঁদের সঙ্গে থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে উম্মে কুলসুমকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজন ও শিক্ষকেরা। রাত নয়টার দিকে সে মারা যায়। কর্তব্যরত চিকিৎসক জানান, বিষক্রিয়ায় মেয়েটির মৃত্যু হয়েছে।
কাঁদতে কাঁদতে ফাতেমা বেগম প্রথম আলোকে বলেন, গতকাল সকালে কর্মস্থলে চলে যান উম্মে কুলসুমের বাবা ও মা। আর তিনি যান বাজারে। এর মধ্যে শিমুল চন্দ্র নামের এক যুবক বাসায় ঢোকেন। শিমুলের সঙ্গে আসা আরও কয়েকজন ছিলেন বাইরে। শিমুল বাসায় ঢুকেই উম্মে কুলসুমকে শ্লীলতাহানির চেষ্টা চালান। একপর্যায়ে গালিগালাজ করে শিমুলেরা চলে যান। বাসায় ফিরে তিনি এসব কথা জানতে পারেন।
ফাতেমা বলেন, গতকাল সন্ধ্যার দিকে আবারও কয়েকজন যুবকসহ শিমুল বাসার সামনে এসে উম্মে কুলসুমকে গালিগালাজ করতে থাকেন। বিভিন্ন ধরনের কথা বলে অপমান করেন। তখন তিনি শিমুলদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছিলেন। এরই মধ্যে হঠাৎ করে বাসার একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয় উম্মে কুলসুম। অনেক ডাকাডাকির পর দরজা খুলে দেয় সে। তখন তার নাক-মুখে ফেনা দেখা যায়। একপর্যায়ে কাত হয়ে মেঝেতে পড়ে যায় সে। ধরাধরি করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
গতকাল রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের মর্গের সামনে বিলাপ করে চলেছেন নানি ফাতেমা। শোকে পাথর হয়ে গেছেন মা সাথী। ঘটনায় ক্ষুব্ধ ও হতবাক হয়ে গেছেন শিক্ষকেরা।
উম্মে কুলসুমের শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে আনার সময় কুলসুম অল্প কথা বলতে পেরেছিল। ওই সময় সে আমাকে বলেছে, “আমি তো মারা যাব, স্যার। ওই বখাটেরা যেন মাফ না পায়।”’
এ ব্যাপারে শিমুল ও তাঁর পরিবারের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদুজ্জামান বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। তবে কাউকে আটক করা যায়নি।’