উদ্বিগ্ন হওয়ার কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে মাওলানা নূরুল ইসলাম ফারুকীকে হত্যা ও মগবাজারে তিন খুনের ঘটনা ‘সিরিয়াস কিছু নয়’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এ ধরনের ঘটনায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। হঠাৎ করেই হয়ে থাকে।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ‘ফরমালিন প্রতিরোধে সরকারের সাফল্য ও পরবর্তী করণীয়’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে ‘আমরা নগরবাসী’ নামের একটি সংগঠন।
আসাদুজ্জামান খান বলেন, ‘ফারুকী হত্যাকাণ্ড ও মগবাজারের তিন খুনের ঘটনা সিরিয়াস কিছু না। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সাংবাদিকেরা যেভাবে প্রশ্ন করছেন, তেমন সিরিয়াস কিছু না। এগুলো বিচ্ছিন্ন ঘটনা।’ তিনি বলেন, ‘এগুলোর তদন্ত চলছে। আমরা এই হত্যাকাণ্ডগুলোর মোটিভ নিয়ে কাজ করছি। তদন্ত করা হচ্ছে। শিগগিরই এর প্রতিবেদন প্রকাশ করা হবে।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ফারুকী যেভাবে খুন হয়েছেন, তা ছিঁচকে সন্ত্রাসী করেনি, পেশাদার সন্ত্রাসী করেছে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে ধরা হয়েছে। মগবাজারের ঘটনা রেলের জমির দখল নিয়ে হয়েছে। যে সন্ত্রাসী এটা করেছে, তাকে চিহ্নিত করা হয়েছে। যেকোনো সময় তাকে আমরা গ্রেপ্তার করতে পারব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ হাজি সেলিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।