উদ্বেগ-শঙ্কায় একটি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল নতুন নয়। তবে গতকাল শনিবার ২৩টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ডাকা হরতালে রাজধানী ঢাকার দৃশ্যপটই বদলে গিয়েছিল। পথে সামান্য সংখ্যক রিকশা আর গণমাধ্যমকর্মীদের ব্যবহারের সিএনজি অটোরিকশা, কিছু অ্যাম্বুলেন্স ও নিরাপত্তারক্ষীদের গাড়ি ছাড়া মোটরযান প্রায় দেখাই যায়নি। পাড়া-মহল্লার কিছু মুদিখানা ছাড়া অধিকাংশ দোকানপাট বন্ধই ছিল। পথে লোকজনের চলাচলও ছিল খুবই অল্প।রাজধানী অভিমুখে লংমার্চ শেষে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ এবং তাদের প্রতিহত করতে হরতাল ও শাহবাগের প্রজন্ম চত্বরে বিকেলে গণজাগরণ মঞ্চের সমাবেশ নিয়ে নগরবাসী ছিল উদ্বিগ্ন। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে শহরে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে, এই আশঙ্কা শান্তিপ্রিয় সাধারণ নাগরিকের মন থেকে স্বস্তি কেড়ে নিয়েছিল। অভিভাবকেরা ছেলেমেয়েদের ঘর থেকে বের হতে দেননি। নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ পথে নামেননি। অন্যান্য হরতালে যেমন এখন অধিকাংশ দোকানপাট খোলা থাকে, বাস এবং প্রচুর সিএনজি স্কুটার চলে, মহানগরের প্রধান বাহন রিকশার চলাচল থাকে প্রায় স্বাভাবিক, গতকাল তা ছিল না। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে পাজামা-পাঞ্জাবি বা সালোয়ার-লম্বা কুর্তা পরা, টুপি মাথায় ছোট ছোট দলে হেফাজতে ইসলামের সমর্থকেরা যাত্রা শুরু করেন শাপলা চত্বরের দিকে। লাঠিও দেখা গেছে কারও কারও হাতে। দিনের পূর্বভাগ পর্যন্ত মূলত পথে তাঁদের সংখ্যাই ছিল বেশি। স্লোগান দিতে দিতে তাঁরা এগিয়ে গেছেন।ছুটির দিনেও পথে যে লোকজনের চলাচল দেখা যায়, তার চেয়েও নিস্তরঙ্গ ছিল গতকাল মহানগরের জীবনযাত্রা। ঘরে টিভির সামনে বসে ঘটনা সম্পর্কে জানতে উৎসুক ছিলেন নগরবাসী। প্রতিটি টিভি চ্যানেলই শাপলা চত্বরের সমাবেশ এবং শাহবাগের গণজাগরণ মঞ্চের অবস্থা সম্পর্কে সংবাদ প্রচার করছিল। তা দেখেই শহরের পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা। শহরের পরিবেশ ছিল থমথমে। জরুরি প্রয়োজনে যাঁরা পথে নেমেছিলেন, তাঁদের হেঁটেই গন্তব্যে যেতে হয়েছে। দুপুরে শাহবাগে কথা হচ্ছিল ষাটোর্ধ্ব বয়সের কাওসার ভূঁইয়ার সঙ্গে। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। গত বৃহস্পতিবার তেজগাঁওয়ে মেয়ের বাড়িতে এসেছেন। উদ্দেশ্য ঢাকায় চিকিৎসা করানো। তেজগাঁও থেকে তিনি হেঁটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। বললেন, ‘রিকশা যাইতে চায় না। তাই হাঁইটাই রওনা দিছি। এইবার ঢাকায় আইস্যা কী মুসিবতেই না পড়ছি।’ দুপুরে রিকশাচালক আজিজুল হকের সঙ্গে কথা হলো সেগুনবাগিচায়। যাত্রী নিয়ে তোপখানা রোডে যাচ্ছিলেন তিনি। কিন্তু জাতীয় প্রেসক্লাবের সামনে তখন উত্তপ্ত পরিস্থিতি। সে কারণে সেগুনবাগিচাতেই যাত্রী নামিয়ে তিনি ঘুরে যাচ্ছিলেন। রিকশা নিয়ে পথে নামতে ভয় করেনি, জিজ্ঞাসা করলে তিনি বললেন, ‘ভয় পাইলে তো প্যাট চলে না। কপালে যা আছে হইব।’ এদিকে গণজাগরণ মঞ্চের কর্মীরাও দুপুরের পর থেকে শাহবাগে স্লোগান ও গণসংগীত পরিবেশন করে এলাকা উদ্দীপ্ত করে রাখেন। বিকেলে শাহবাগের পাশ দিয়ে হেফাজতের কর্মীর দল ঘরে ফিরে যাওয়ার সময় উভয় পক্ষের মধ্যে খানিকটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সন্ধ্যার পরও গণজাগরণ মঞ্চের তরুণ কর্মীরা গানে ও স্লোগানে এলাকা মুখর করে রাখেন।হেফাজতের কর্মীরা শাপলা চত্বর ছাড়ার পর থেকেই শহরে ধীরে ধীরে স্বাভাবিক প্রাণচাঞ্চল্য ফিরে আসতে থাকে। বিভিন্ন সড়কে নিরাপত্তারক্ষীরা যে অবরোধ সৃষ্টি করেছিলেন, সেগুলো সরিয়ে নেওয়া হয়। বেলা ডোবার পর থেকে পথে একটি-দুটি করে বাস ও ব্যক্তিগত গাড়ি নামতে থাকে। বড় ধরনের কোনো হানাহানি না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন নগরবাসী।