উদ্বোধন করা হলো বুড়িগঙ্গা ইকোপার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুর কদমতলায় বুড়িগঙ্গা নদীর তীরে ‘বুড়িগঙ্গা ইকোপার্ক’ উদ্বোধন করা হয়েছে। শ্যামপুর লঞ্চঘাটের কাছে নির্মিত এ ইকোপার্ক দু-এক দিনের মধ্যে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। নদী দখল ঠেকাতে এবং পরিবেশ উন্নয়নে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ পার্ক নির্মাণ করেছে। গতকাল রোববার বিকেলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রধান অতিথি হিসেবে ইকোপার্ক উদ্বোধন করতে গিয়ে বলেন, নদী বাঁচাতে সরকার এ ধরনের উদ্যোগ আরও নেবে। ভবিষ্যতে শ্যামপুরে বুড়িগঙ্গা তীরে একটি নৌ জাদুঘর এবং সেখানে একটি ভাসমান রেস্তোরাঁও স্থাপন করা হবে। দর্শনার্থীদের সুবিধার্থে নদীতে ভ্রমণের জন্য এ পার্কে একটি জাহাজের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দেন নৌমন্ত্রী। অনুষ্ঠানে জানানো হয়, বুড়িগঙ্গা নদীর তীরে শ্যামপুর এলাকায় নদীর পারের ভূমি স্থায়ীভাবে দখলমুক্ত রাখা ও বিনোদন সুবিধার জন্য এক কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে বুড়িগঙ্গা ইকোপার্ক নির্মাণ করা হয়েছে। তবে ইকোপার্কে প্রবেশের জন্য দর্শনার্থীদের টিকিট কিনতে হবে বলে বিআইডব্লিউটিএ সূত্র জানায়। অনুষ্ঠানে আরও জানানো হয়, শ্যামপুর থেকে ফতুল্লা অভিমুখী প্রায় ৫ দশমিক ৫ কিলোমিটার হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণকাজ শেষ হয়েছে, যা পরিবেশসহায়ক বলে বিবেচিত হচ্ছে এবং বর্তমানে জনগণ ব্যবহার করছে। এ ছাড়া শ্যামপুর ও পাগলা এলাকায় তীর রক্ষা ও নদী ভরাট রোধকল্পে প্রায় ৬০০ মিটার কি-ওয়াল নির্মাণ করা হয়েছে। শাজাহান খান বলেন, বিগত সরকারগুলোর অযত্ন ও অবহেলায় ২৪ হাজার কিলোমিটার নৌপথ এখন তিন হাজার ৬০০ কিলোমিটারে এসে দাঁড়িয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার নদী খননের জন্য তিনটি খননযন্ত্র কিনেছে। ১০টি খননযন্ত্র কেনার কার্যাদেশ শিগগিরই দেওয়া হবে এবং আরও সাতটি খননযন্ত্র কেনার কার্যক্রমও প্রক্রিয়াধীন আছে। মন্ত্রী বলেন, তিন বছরে পাঁচটি নতুন ফেরি কেনা হয়েছে। আরও সাতটি কেনার কার্যক্রম প্রক্রিয়াধীন।স্থানীয় সাংসদ সানজিদা খানম বলেন, পার্ক স্থাপনে প্রতিবন্ধকতা এলেও এলাকাবাসীর সহযোগিতায় তা বাস্তবায়ন সম্ভব হয়েছে। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকার বলেন, ‘নদীমাতৃক এ দেশের নদীকে রক্ষার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় বুড়িগঙ্গা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর আসল রূপ ফিরিয়ে আনা হয়েছে এ ইকোপার্ক স্থাপনের মাধ্যমে।’ নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ মন্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবর রহমান প্রমুখ।