উদ্বোধন হলো তেজগাঁও গুলশান সংযোগ সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁও-গুলশান সংযোগ সড়কটি নির্মাণ করা হয়েছিল মহাখালীর যানজট এড়িয়ে সহজে গুলশান যাতায়াতের জন্য। কিন্তু নিকেতনের কাছে গুলশান লেকের পাশে ছোট্ট সেতুটি ভেঙে পড়ার পর এই সংযোগ সড়কে যাতায়াতে নিয়মিত বিড়ম্বনার শিকার হতে হতো যাত্রীদের। একটি বেইলি সেতু স্থাপন করা হলেও তা সমস্যা কমাতে খুব একটা ভূমিকা রাখতে পারেনি। এর ওপর সংযোগ সড়কটির অবস্থাও বেহাল। পরে ঢাকা সিটি করপোরেশন সেখানে একটি বড় আকৃতির সংযোগ সেতু নির্মাণের কাজে হাত দেয়। গতকাল সোমবার স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তেজগাঁও আড়ং-গুলশান শ্যুটিং ক্লাবসংলগ্ন সংযোগ সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।সংযোগ সেতু উদ্বোধন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে সেতুর এক পাশে স্থাপিত মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, প্রায় সাত কোটি টাকা ব্যয়ে ৪০ মিটার দৈর্ঘ্যের এই সংযোগ সেতু নির্মাণ করার ফলে গুলশান ও তেজগাঁও এলাকার সংযোগ সড়কসহ আশপাশের রাস্তাঘাটে যানজট কমে যাবে, যা ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে সহায়ক হবে।অনুষ্ঠানে জাহাঙ্গীর কবির নানক বলেন, ঢাকা সিটি করপোরেশন দুই ভাগ করায় রাজধানীর সর্বস্তরের জনগণের জীবনের মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে। এ প্রসঙ্গে তিনি ঢাকা মহানগরে বসবাসরত মানুষের স্বাস্থ্য, পরিবেশ, যোগাযোগ, বিদ্যুৎ, স্যানিটেশন ও আবর্জনামুক্তকরণে বিভিন্ন চলমান প্রকল্পের কথা উল্লেখ করেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলেই রাজধানীবাসীকে অসহনীয় যানজট থেকে অনেকাংশে মুক্ত করা সম্ভব হবে। অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মো. শাহজাহান আলী মোল্লা সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সংসদ আসাদুজ্জামান খান, স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহিদ খান প্রমুখ।সংযোগ সড়ক ঠিক হবে কবে: ‘সাত কোটি টাকা খরচ করে সংযোগ সেতুটি নির্মাণ করা হলেও সেতুর দুই দিকের সড়কটির অবস্থা অনেক দিন থেকেই খারাপ। এর সংস্কার খুব জরুরি’—এমন মন্তব্য করলেন নিকেতনের বাসিন্দা ফেরদৌস আলম মজুমদার। তিনি বলেন, শুকনা মৌসুমে সংযোগ সড়ক এলাকা থাকে ধুলায় ভরা। আর বর্ষা হলে খানাখন্দের কারণে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তেজগাঁও প্রান্ত থেকে সংযোগ সেতু পর্যন্ত ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে সড়কের অনেক অংশই এখনো বেহাল। সেতুটির উদ্বোধন উপলক্ষে সড়কের বিভিন্ন অংশে খোয়া ও বালু দিয়ে ভরাট করা হয়েছে।