উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তাবলয়
ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়াম ঘিরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তাবলয় গড়ে তোলে। যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত ছিল সেনা কমান্ডো, র্যাবের ডগ স্কোয়াড এবং পুলিশ ও র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল।আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তা রক্ষায় রাজধানীজুড়ে পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রায় ১০ হাজার সদস্য দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামের আশপাশ এবং বিদেশি অতিথিরা উঠেছেন, এমন সব হোটেলসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্মরণকালের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়। প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি, ভিআইপি ও পুরো অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং এর আশপাশের এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। চলছে কড়া গোয়েন্দা নজরদারিও। কাল শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত উদ্বোধনী খেলা। ক্রিকেট বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা বহাল থাকবে।গতকাল বিকেলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাতীয় স্টেডিয়ামকে ঘিরে গড়ে তোলা নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসেবে সেনাবাহিনী নামানো হয়েছে। তিনি জানান, দৃশ্যমান-অদৃশ্যমান সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র মতে, গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়াম ঘিরে ছয় হাজার পুলিশ ও দুই হাজারের বেশি র্যাব সদস্য ছিলেন। দুুপুর থেকেই স্টেডিয়ামের আশপাশের এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় বসানো হয় নিরাপত্তা চৌকি। একাধিকবার দেহ তল্লাশি করে দর্শকদের বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়। আশপাশের বহুতল ভবনের ছাদে অবস্থান নেন চৌকস নিরাপত্তাকর্মীরা। যোগাযোগ করা হলে মহানগর পুুলিশ কমিশনারের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধু স্টেডিয়াম ঘিরে পোশাকধারীদের সঙ্গে সাদা পোশাকে ছয় হাজার পুলিশ দিয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়। পুলিশের গোয়েন্দা সংস্থাগুলোও নজরদারি করে।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে বলেন, উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে পোশাকধারী সদস্যের পাশাপাশি সাদা পোশাকে র্যাবের দুই হাজার সদস্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন।স্টেডিয়ামের দক্ষিণ দিকে বসানো হয়েছে ‘র্যাব-৩ কন্ট্রোল রুম’। সেখানে দায়িত্ব পালনরত উপসহকারী পরিচালক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা এখান থেকে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ করছি। আমাদের রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত আছে। নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, এসএসএফ, ফায়ার ব্রিগেড সার্ভিস, আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা রয়েছেন।’