উদ্ভিদ বৃদ্ধির হরমোন ব্যবহূত হচ্ছে কলা দ্রুত পাকাতে!
উদ্ভিদ বৃদ্ধির জন্য ব্যবহার করা ইথেফোন নামের হরমোন ব্যবহার করা হচ্ছে কলা দ্রুত পাকানোর জন্য। ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া বাজারে ইথেফোন দিয়ে পাকানো কলা দেখেন। এ কারণে দুটি কলার আড়তকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।গতকাল দুপুর সোয়া ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত মেরাদিয়া বাজারের তিনটি কলার আড়ত যথাক্রমে মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ, জেবা ফার্ম ও গাজীপুর ট্রেডার্সে অভিযান চালান। আদালত প্রথম দুটি আড়ত থেকে ইথেফোনের (ব্যান্ড রাইপেং ও প্রোলং) তিনটি বোতল পান। ইথেফোন দিয়ে কলা পাকানোর অভিযোগে এ দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটির সব কলা নষ্ট করারও নির্দেশ দেন আদালত। তবে গাজীপুর ট্রেডার্সে কোনো লোকজন বা কলা ছিল না।ইথেফোন পাওয়া প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপক হাসান আলী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘পানির সঙ্গে ইথেফোন মিশিয়ে কলায় ছিটিয়ে তা জাগ দেওয়া হয়। এভাবে এক দিন রাখার পর কলা পেকে যায়।’ এভাবে কলা পাকানো উচিত কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এগুলো আমি দিই না। অন্যরা ব্যবহার করার সময় আমি দেখেছি।’এরপর আদালত মানিকনগরে সুপেয় পানি বাজারজাত করা প্রতিষ্ঠান বিএন পিওর ড্রিঙ্কিং ওয়াটারে যান। বিএসটিআইয়ের সনদ না নিয়েই নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে সুপেয় পানি বাজারজাত করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। প্রতিষ্ঠানটি সিলগালাও করা হয়। পরে আদালত সবুজবাগ থানার মান্ডায় আজমেরী ফুড প্রোডাক্টসে যান। এ সময় প্রতিষ্ঠানের মালিক সেখানে ছিলেন না। বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে সয়াবিন তেল, সরিষার তেলসহ বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করায় আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করেন এবং সেটি সবুজবাগ থানা পুলিশের হেফাজতে দেন।এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন। বিএসটিআইয়ের দুজন কর্মকর্তা ও র্যাব-৩-এর একটি দল আদালতকে সহায়তা করে।অপর একটি ভ্রাম্যমাণ আদালত পুরানা পল্টনে ইন্সট্যান্ট মিনারেল ওয়াটার নামক প্রতিষ্ঠানে অভিযান চালান। এটি বিএসটিআইয়ের সনদ নবায়ন না করায় ১৫ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এরপর এ আদালত শান্তিনগরের কুপারস বেকারিতে যান। পাউরুটি, কেক ও বিস্কুট তৈরির লাইসেন্স নবায়ন না করায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ওজন যন্ত্রে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটিকে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।এরপর আদালত সিদ্ধেশ্বরী রোডের প্রমিন্যান্ট সুইটসে অভিযান চালান এ সময় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। বিএসটিআইয়ের কর্মকর্তা কাওসার আহমেদ ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল আদালতকে সহায়তা করে।