উদ্ভিদ রোগের চিকিৎসায় কৃষককে সহায়তার তাগিদ
ফসলের উৎপাদন বাড়াতে উদ্ভিদ রোগের চিকিৎসায় কৃষককে সহায়তা দেওয়ার তাগিদ দিয়েছেন দেশি-বিদেশি কৃষিবিজ্ঞানী ও কৃষিবিদেরা। তাঁরা বলেছেন, রোগ নিরাময়ে যথাসময়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে উৎপাদন বাড়বে।গতকাল মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) প্রশিক্ষণ ভবনে ‘উদ্ভিদ রোগের চিকিৎসা’ বিষয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। যুক্তরাজ্যভিত্তিক কৃষিবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ক্যাবি ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ চলবে ১২ অক্টোবর পর্যন্ত।প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধক ছিলেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ওয়ায়েস কবীর। অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রশিক্ষণে দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষি কর্মকর্তা ও মাঠকর্মীরা সমৃদ্ধ হবেন। তাঁরা ফসলের রোগ সহজে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। এর ফলে কৃষকেরা উপকৃত হবেন। ফসলের উৎপাদন বাড়বে। ক্যাবির দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রকল্প বিজ্ঞানী রাশি রায়কজাদা বলেন, গ্রাম পর্যায়ে উদ্ভিদের পোকার আক্রমণ নিয়ন্ত্রণ করা গেলে কৃষকেরা আরও লাভবান হবেন। এই কর্মসূচির মাধ্যমে তাঁরা নিজেরাই এই পোকার আক্রমণ রোধ করতে পারবেন। ক্যাবির ইউকে অঞ্চলের কর্মকর্তা স্টিভ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিরি) সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার হোসেন ও মায়নুল হক প্রশিক্ষণে বিভিন্ন অধিবেশন পরিচালনা করবেন। প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সরকারি-বেসরকারি সংস্থার বিভিন্ন পর্যায়ের ৩০ জন কর্মকর্তা ও মাঠকর্মী অংশ নিচ্ছেন।বিএআরসির পরিচালক (প্রশিক্ষণ) মো. আমিনুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিরির সাবেক জ্যেষ্ঠ বৈজ্ঞানিক এস বি নাসিম।