উন্নত দেশ গড়তে চাই অসাম্প্রদায়িক রাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, উন্নত দেশ গঠন করতে হলে রাষ্ট্রকে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সর্বজনীন পূজা পরিষদের তৈরি করা পূজামণ্ডপ পরিদর্শন করতে গিয়ে স্পিকার এ কথা বলেন।

শুভ মহানবমী, বোধন ও দেবী দুর্গার আবাহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়া যায়। কিন্তু অসাম্প্রদায়িক চেতনাকে বাদ দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তিনি আরও বলেন, ‘আমাদের সংবিধানে ধর্ম চর্চায় সবাইকে সমান অধিকার দেওয়ার কথা বলা আছে। কল্যাণকর ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, অন্য বছরের তুলনায় এ বছর প্রায় এক হাজার পূজামণ্ডপ বেশি হয়েছে। সবাই যাতে নির্বিঘ্নে উৎসব উদ্‌যাপন করতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পূজা পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক সুধাংশ কুমার দাস।