ভূমি অধিগ্রহণ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন
উন্নয়ন প্রকল্প ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সমন্বয় করতে হবে
সাধারণ মানুষের কল্যাণের জন্যই উন্নয়ন প্রকল্প। এই উন্নয়ন প্রকল্পের কারণে মানুষ যেন দারিদ্র্যের শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। ভূমি অধিগ্রহণের সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হয়রানি করা যাবে না। এ জন্য প্রয়োজনে নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনের সংশোধন বা সংযোজন করতে হবে। রাজধানীর একটি হোটেলে ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসনবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট।প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ১৯৮২ সালের একটি অধ্যাদেশের বলে ভূমি মন্ত্রণালয় উন্নয়ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করে থাকে। তবে এই অধ্যাদেশ অনুযায়ী জমির ওপর আইনসংগত মালিকানা দেখাতে পারলেই কেবল ক্ষতিপূরণ দেওয়া হয়। তা ছাড়া জমি হারানোর ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা কী ধরনের মূল্য পাবে, সে ব্যাপারে সর্বজনস্বীকৃত বা সামাজিকভাবে গ্রহণযোগ্য কোনো সংজ্ঞা নেই। এর ফলে অনেকে প্রকৃত ক্ষতিপূরণ পায় না।ভূমি প্রতিমন্ত্রী ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসনে একটি স্থায়ী জাতীয় নীতিমালা প্রণয়নের ওপর জোর দেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টাম হোসেন জিল্লুর রহমান বলেন, শুধু টাকা দিয়ে ভিটে-মাটি হারানোর ক্ষতিপূরণ করা হয় না। জমি অধিগ্রহণের ২০ থেকে ২৫ বছর পরও ক্ষতিপূরণ না পাওয়ার নজির আছে। ভূমি অধিগ্রহণকারীদের জমিদারসুলভ আচরণ করা চলবে না। তিনি অধিকসংখ্যক মানুষের দুর্ভোগ কমানোর জন্য খাস জমির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন। ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক সৈয়দ এম হাশেমী বলেন, বঙ্গবন্ধু সেতু বাস্তবায়নে সাড়ে পাঁচ হাজারেরও বেশি হেক্টর ভূমি অধিগ্রহণ করা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ লোক। সৈয়দ এম হাশেমী বলেন, পদ্মা সেতু বাস্তবায়নেও প্রায় এক হাজার হেক্টর ভূমি দরকার হবে। এতে ৭৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, তার পরও মানুষের জন্যই উন্নয়ন করতে হবে। তবে এ উন্নয়ন ও পুনর্বাসনের মধ্যে সমন্বয় করতে হবে। বাংলাদেশে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক পরিচালক জাহিদ হোসেন বলেন, জমি অধিগ্রহণ ও পুনর্বাসনের ক্ষেত্রে কর্তৃপক্ষকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যুক্তরাজ্যের বৈদেশিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ডায়না ডাল্টন বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সম্মান ও সংবেদনশীলতা মাথায় রেখে ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন করতে হবে। সম্মেলনের কারিগরি সেশনে চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, থাইল্যান্ড, কলম্বিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশের ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন। ব্র্যাকনেটের চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, উন্নয়নের জন্য ভূমি অধিগ্রহণ করতে হবে। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাতে ন্যায্য পাওনা পায় তা নিশ্চিত করতে হবে।