সংসদীয় কমিটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের প্রকল্প পরিদর্শন প্রকল্পের কাজের গতি বৃদ্ধি করে। একই সঙ্গে তা জনগণের মধ্যেও সৃষ্টি করে যথেষ্ট উদ্দীপনা। কিন্তু সরকারের দ্বিতীয় বছরে সংসদীয় কমিটির এসব প্রকল্প পরিদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে, তাই কোনো প্রকল্প পরিদর্শন করা সম্ভব হয়নি। এ কারণে গুণগত ও পরিমাণগত দিক থেকে বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) বাস্তবায়নে সরকারের লক্ষ্য অর্জিত হয়নি। একই সঙ্গে দেশে সুশাসনের জন্য সংসদীয় কমিটির মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প সরেজমিন পরিদর্শনের বিধান থাকা আবশ্যক।পরিকল্পনা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ২৫১ পৃষ্ঠার প্রতি বেদনটি সংসদের গত অধিবেশনের শেষ দিন ২৪ মার্চ উপস্থাপন করা হলেও এ নিয়ে কোনো আলোচনা হয়নি। এর আগে গত বছরের ১৪ মার্চ পরিকল্পনা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম প্রতিবেদন সংসদে উপস্থাপিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারের প্রথম বছরে সংসদীয় কমিটি সরকারের বিভিন্ন প্রকল্পের কাজে স্বচ্ছতা আনতে পাঁচটি জেলার আটটি প্রকল্প পরিদর্শন করে।প্রতিবেদনে মন্ত্রণালয়ের সচিবদের সমালোচনা করে বলা হয়, বিভিন্ন সময় দেখা গেছে, এক মাস আগে জানানো হলেও অনেক সচিব কমিটির সভায় উপস্থিত হন না। এটি সংসদীয় রীতিনীতির পরিপন্থী। আমলাতান্ত্রিক জটিলতা: আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজের গতি কমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। পরিকল্পনাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ফাইল অনুমোদনের বিভিন্ন স্তর নিয়ে আলোচনাকালে এ ক্ষোভ প্রকাশ করে কমিটি।কমিটির সভাপতি অলি আহমদ প্রথম আলোকে বলেন, ফাইলের পেছনে তদবির না থাকলে সারা জীবনে মন্ত্রণালয় থেকে একটি ফাইলও বের করা সম্ভব হবে না। এ জন্য কমিটি মন্ত্রণালয়ের অপ্রয়োজনীয় বিভিন্ন স্তর বিলুপ্তির সুপারিশ করেছে। কৃষিজমি বাঁচাতে আইন: কৃষিজমিতে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্প, মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা সরকারি কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না। কৃষিজমিতে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ করায় দেশের খাদ্যশস্য উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব থেকে দেশকে রক্ষা করতে অবিলম্বে এ জন্য আইন প্রণয়ন করার তাগিদ দেওয়া হয়েছে কমিটির প্রতিবেদনে। আর আইন করার আগে অপরিকল্পিতভাবে কৃষিজমিতে স্থাপনা নির্মাণ করা বন্ধে সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা: খেতাবপ্রাপ্ত সব মুক্তিযোদ্ধাকে ভিআইপি মর্যাদা দেওয়ার সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। স্কুল ব্যবস্থাপনা কমিটিতে শিক্ষিতদের অন্তর্ভুক্ত: শিক্ষার মান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে শিক্ষিত লোকদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। সুপারিশে উচ্চবিদ্যালয় পর্যায়ে কমপক্ষে গ্র্যাজুয়েট এবং প্রাথমিক পর্যায়ে কমপক্ষে এসএসসি পাস ব্যক্তিদের রাখতে বলা হয়েছে। নদী ও খাল খনন কর্মসূচি: প্রতিবেদনে দেশের পানি-সংকট নিরসনে নদীতে ড্রেজিং, খাল খনন ও পুনঃখননের কাজ শুরুর প্রস্তাব করা হয়েছে।