উন্নয়ন ফি বাতিলের দাবিতে আন্দোলন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন ফি বাতিলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র জোট ও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত আছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি মানা না হলে উপাচার্যকে অবরোধসহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। আন্দোলনের চতুর্থ দিনে গতকাল রোববার সকালে ব্যাংক অবরোধ করেন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে তাঁরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় ছাত্রজোটের নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নিজের আয়ে চলা-সংক্রান্ত ২৭/৪ ধারা বাতিলের ঘোষণা দেওয়ার তিন মাস পরও তা বাস্তবায়িত হয়নি। বরং এই আইনটির কারণে উন্নয়ন ফির নামে বাণিজ্য করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। একই দাবিতে গতকাল বেলা দুইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করেছেন কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্র জোট। সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা অভিযোগ করে বলেন, উন্নয়ন ফি বাতিলের দাবিতে জোটের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে ব্যাংক অবরোধ কর্মসূচি পালন করছিলেন। কিন্তু ছাত্রলীগ তাতে হামলা চালিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ছাত্র জোটের নেতারা আন্দোলন বন্ধ করে আমাদের সঙ্গে আলোচনা করতে এলে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করতে আগ্রহী।’