উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করবে ব্র্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সরকারকে সহায়তা করতে কাজ করবে ব্র্যাক। সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রম পরিকল্পনায় জনসংখ্যা নিয়ন্ত্রণ ও তরুণদের উন্নয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার আগেই ব্র্যাক নিজে আর্থিকভাবে স্বনির্ভর হতে চায়। গত মঙ্গলবার ব্র্যাকের বার্ষিক প্রতিবেদনের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে শীর্ষ স্থানীয় বেসরকারি সংস্থাটির নির্বাহী পরিচালক মাহবুব হোসেন এ কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও উন্নয়ন-সহযোগী আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন। বার্ষিক প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরে মাহবুব হোসেন জানান, যক্ষ্মা নিয়ন্ত্রণে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ বোর্ডের (নাটাব) সঙ্গে ব্র্যাকের ৯০ হাজার কর্মী কাজ করছেন। যক্ষ্মা শনাক্তকরণের লক্ষ্যমাত্রা ৭০ শতাংশ থাকলেও অর্জিত হয়েছে ৭১ শতাংশ। নিরাময়ের হার ৮৫ শতাংশের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৯৩ শতাংশে পৌঁছেছে। সরকার ও ব্র্যাক যৌথভাবে বর্গাচাষিদের উন্নয়নে ৫০০ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে। মাহবুব হোসেন বলেন, ১৯৯০ সালে ব্র্যাকের বাজেটের প্রায় পুরোটাই বিদেশি সহায়তা থেকে আসত। আর গত বছর ৫৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার বার্ষিক বাজেটের ৭০ শতাংশই ব্র্যাক নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করেছে। বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হলে বিদেশি সহায়তা আর পাওয়া যাবে না। তাই ব্র্যাক এর আগেই নিজেদের ব্যবসায়িক উদ্যোগ থেকে তার সম্পূর্ণ ব্যয়ের অর্থ সংস্থান করার পরিকল্পনা নিয়েছে। বেসরকারি সংস্থাটি বর্তমানে সরকারের সঙ্গে ৫১টি কর্মসূচিতে যৌথভাবে কাজ করছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়। দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন ও নারী উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্রে ব্র্যাকের সফলতার টুকরো কাহিনি তুলে ধরেন সংস্থাটির কমিউনিকেশন বিভাগের পরিচালক আসিফ সালেহ। বেসরকারি সংস্থা নিজেরা করির প্রধান নির্বাহী খুশী কবির বলেন, ব্র্যাক তার উন্নয়ন কাজগুলো ‘বিচ্ছিন্নভাবে’ না করে অন্য সংস্থাগুলোর সঙ্গে সম্মিলিতভাবে করতে পারে। এতে দ্রুত লক্ষ্য অর্জিত হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক গ্রুপের প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা (সিএফও) এস এন কৈরী ও ব্র্যাক ইন্টারন্যাশনালের উপনির্বাহী পরিচালক ফারুক আহমেদ।